প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৯:০৪ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৯:১৭ পিএম
বাংলাদেশ সফরে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি তিনি। তারকা এ গোলকিপারের সঙ্গে দেশের ফুটবলারদের সাক্ষাৎ হবে, এটাই ছিল সবার প্রত্যাশা। কিন্তু বাংলাদেশের কোনো ফুটবলার তার সঙ্গে দেখা করতে পারেননি। এমনকি বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভূঁইয়াও পাননি মার্টিনেজের দেখা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শেষ হয় মার্টিনেজের ১১ ঘণ্টার ঢাকা সফর। সফর শেষে আর্জেন্টাইন গোলপোস্টের এ অতন্দ্র প্রহরী ছিলেন বিমানবন্দরে। একই সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করে ঢাকায় ফেরেন দেশের ফুটবলাররা। কিন্তু মার্টিনেজের সঙ্গে তাদের দেখা হয়নি। অধিনায়ক জামাল অপেক্ষায় থেকেও মার্টিনেজের কাছে যেতে পারেননি।
দলের অনেক ফুটবলার বিমানবন্দর ছেড়ে তখন চলে গেছেন। কিন্তু মার্টিনেজের সঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার জন্য বিমানবন্দরে থেকে যান জামাল ভূঁইয়া। টিম অ্যাটেনডেন্ট মহসীনকে নিয়ে বিমানবন্দরের বহির্গমনে মার্টিনেজের খুব কাছেই চলে গিয়েছিলেন জামাল। কিন্তু দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। ছবি তোলার বা কথা বলার কোনো সুযোগ পাননি।