প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১২:৫৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৩:৩৩ পিএম
সাদা এবং কালোর মিশ্রণে ডেনিম জ্যাকেট, সাদা টি শার্ট, কালো প্যান্ট আর কাঁধে ব্যাগ নিয়ে এমিলিয়ানো মার্টিনেজ যখন বিমানবন্দরে পা রেখেছেন তখন বাংলাদেশে ভোর। সেখানের আনুষ্ঠানিকতা সেরে সরাসরি হোটেল ওয়েস্টিন। ফান্ডেড নেক্সট কোম্পানির পোগ্রাম নেক্সটভেঞ্চারে নানা বিষয়ে কথা বলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পান ‘বাজপাখি’ ছাড়াও একগাদা পুরস্কার। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজার জার্সিও পেয়েছেন এমি।
মার্টিনেজের পুরস্কার প্রাপ্তির কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বছর তিনেক আগেও ক্লাব ফুটবলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এমি জিতেছেন কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার। কিছুদিন আগেও তার ডাকনাম ‘বাজপাখি’ নিয়ে বিদ্রূপ হত। কাতারে তিনি প্রমাণ করে দেন, কেন তাকে বিশেষ এই নামে ডাকা হয়।
বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক নৌকাও দেওয়া হয় মার্টিনেজকে
বাংলা ভাষাভাষীদের দেয়া আদুরে ‘বাজপাখি’ নামটি বেশ পছন্দ হয়েছে মার্টিনেজের। মার্টিনেজের সঙ্গে প্রায় পৌনে এক ঘন্টা সময় কাটানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী পলক বলেছেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’
আরও পড়ুন:
বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও দেওয়া হয়েছে মার্টিনেজকে, ‘পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’ মার্টিনেজের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত মাশরাফি ও তার সন্তানেরা দিয়েছেন বাংলাদেশের জার্সি উপহার।
বাংলাদেশে আর্জেন্টাইন গোলরক্ষকের পা পড়েছে মূলত এ দেশে আর্জেন্টিনা ফুটবল নিয়ে উন্মাদনার কারণেই। তাকে উপমহাদেশে আনার উদ্যোগ যার, সেই শতদ্রু দত্ত জানিয়েছেন, মার্টিনেজ নিজে থেকেই চাইছিলেন আসতে। ডলার সংকটের কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল বিষয়টা। যদিও শেষমেশ তিনি আসছেন, তবে সংক্ষিপ্ত সফরে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তবেই তিনি ঢাকা ছাড়বেন। বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা তার।