প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১১:৩৮ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১১:৫৭ এএম
ফান্ডেডনেক্সটের দুই কর্মকর্তার সঙ্গে এমি। ছবি: ফেসবুক
ভোরে ঢাকায় পা রাখা এমিলিয়ানো মার্টিনেজ বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল ওয়েস্টিনে উঠেছিলেন। এরপর প্রায় আধা ঘণ্টা ফান্ডেড নেক্সটের প্রোগ্রাম নেক্সটভেঞ্চারে কাটান। সেখান থেকে ফুসরত মিলতেই কোভিড টেস্টের জন্য ঢুকেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। টেস্টের ফল আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পিএম অফিসে যাবেন তিনি।
বাংলাদেশে আর্জেন্টাইন গোলরক্ষকের পা পড়েছে মূলত এ দেশে আর্জেন্টিনা ফুটবল নিয়ে উন্মাদনার কারণেই। তাকে উপমহাদেশে আনার উদ্যোগ যার, সেই শতদ্রু দত্ত জানিয়েছেন, মার্টিনেজ নিজে থেকেই চাইছিলেন আসতে। ডলার সংকটের কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল বিষয়টা। যদিও শেষমেশ তিনি আসছেন, তবে সংক্ষিপ্ত সফরে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তবেই তিনি ঢাকা ছাড়বেন।
আরও পড়ুন:
মাস দেড়েক আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল মার্টিনেজ ঢাকায় আসছেন। তবে স্পন্সর জটিলতায় তার ঢাকা সফর ছিল অনিশ্চিত। ডলার সংকট বাধা হয়ে দাঁড়াচ্ছিল। মার্টিনেজকে পৃষ্ঠপোষকরা দিয়েছে কেবল বিমানের টিকিট। এজন্য সফর সংক্ষিপ্ত হওয়ায় ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না তার। আধা বেলা ঢাকায় থাকবেন সুপারস্টার লিওনেল মেসির এ সতীর্থ।
মার্টিনেজের সফরসূচি নিয়ে কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ‘স্পন্সর অফিস ফান্ডেড নেক্সট নামে একটা কোম্পানি আছে, মার্টিনেজ ওখানে যাবেন, এরপর সেখানে আধা ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, এরপরই বিমানবন্দরে চলে যাবেন। সব মিলিয়ে বাংলাদেশে থাকার কথা তার আধা বেলার মতো।’
ঢাকা সফর শেষে মার্টিনেজ ধরবেন কলকাতার ফ্লাইট। যেখানে তাকে নিয়ে শুরু হয়েছে রীতিমতো উন্মাদনা। বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা তার।