× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনজুরিতে তিন ওপেনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ০৯:৩৩ এএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ০৯:৩৯ এএম

ইনজুরিতে তিন ওপেনার

গতকাল দ্বিতীয় দিনের অনুশীলনে নেমেছিল বাংলাদেশ। কোচ চন্ডিকা হাথুরুসিংহের কপালে বাড়িয়েছে চিন্তার ভাঁজ। অধিনায়ক তামিম ইকবালের পুরোনো চোট এখনও সারেনি। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সঙ্গী হয়েছে ওয়ানডে দলে থাকা বাকি দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাসের চোট। একই দিনে ব্যাটিং অনুশীলনের সময় চোটে পড়েন তারা।

আরও পড়ুন : কোচের ‘সুনজরে’ সৌম্য

তিন ওপেনারের মধ্যে তামিমের অবস্থা একটু বেশিই খারাপ। বেশ অস্বস্তি নিয়ে একাডেমি মাঠ থেকে বেরিয়ে যান। মূল মাঠে চেষ্টা করেন ফিল্ডিং অনুশীলনের। ব্যথা নিয়ে অনুশীলনের চেষ্টা করেন। শেষমেশ তা পারেননি। ব্যর্থ হয়ে ফেরেন ড্রেসিংরুমে। তার ওই ইনজুরি দলের কপালে আরও একবার যোগ করছে চিন্তার ভাঁজ। কারণ, একই কারণে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া যায়নি। তাকে কাটাতে হয়েছে সাইডলাইনে। ফিল্ডিংয়ে তামিমের অস্বস্তির শুরু ব্যাটিংয়ের সময়। একই নেটে আফিফ হোসেন ধ্রুব সঙ্গে অনুশীলন করছিলেন তামিম। রানার প্রান্তে দাঁড়িয়ে আফিফের শটে গা বাঁচাতে লাফ দেন। তখনই পিঠের ব্যথায় কাতরিয়ে উঠতে দেখা যায় তামিমকে। তখন থেকেই শুরু তামিমের ওই চোটের।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানান, এই ব্যথা সাধারণত বিশ্রাম ও ফিটনেস অনুশীলনের মাধ্যমে ঠিক হয়। তবে টেস্টের আগে ও পরে বেশ কয়েক দিনের অনুশীলনেও সুস্থতার পথে নেই তামিম। সেটা স্পষ্ট গতকালের অনুশীলনে। তার এই সমস্যা দিনকে দিন টিম ম্যানেজমেন্টের চিন্তার ভাঁজ বাড়াচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। চলতি বছর সবগুলো ওয়ানডে সিরিজে খেলেছেন তামিম। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ মিস করেছিলেন। এবারও সেই পথেই তামিম হাঁটছেন কি না সেটা এখনও জানা যায়নি। এমনকি আগামীকাল অনুশীলনে আসবেন কি না সেটাও এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে ওপেনার লিটন দাসও পেয়েছেন চোট। দুই দুইবার চোট পান তিনি। নেটে অনুশীলনের সময় প্রথমবার কাঁধে চোট পান। সেবার ফিজিও মোজাদ্দেক আলফা সানির সেবায় কিছুটা ভালো বোধ করলে নেটে ফেরেন তিনি। কিছু সময় বিশ্রাম নেন। পরে আরও একবার চোট লাগে। থ্রো ডাউন বল খেলার সময় তার ডান হাতে বল লাগে। চোট পেয়ে একটু ক্ষেপে যান লিটন। আঘাত করে বসেন স্টাম্পে। আবারও মোজাদ্দেদ আলফা সানি তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পূর্ণোদ্যমে ব্যাটিং করা লিটন এবার আর এগিয়ে নিতে পারেননি নিজের অনুশীলন। ব্যথা কিছুটা কমলে মিনিট দশেক অনুশীলনের পর মাঠ ছাড়েন। ওই চোটের কারণে ব্যাটিং অনুশীলনের পর ফিল্ডিং নিয়ে কাজ করতে দেখা যায়নি তাকে।

ওয়ানডে দলে তামিম-লিটনের মতো ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ। দুই ওপেনারের ইনজুরির দিনে নাঈম কেন বাদ থাকবেন! তিনিও চোটে পড়েছেন। ডিপিএলে দারুণ ছন্দে থাকা নাঈম এদিন নেটে ভালোই ব্যাটিং করছিলেন। এক নেট বোলারের করা একটি বল পায়ে হাঁটুর নিচে আঘাত করে বসে। মূলত নিচু হয়ে আসা বল বুঝতে না পেরে লাইন মিস করেন নাঈম। তাতেই পায়ের চোটে পড়ে যান। তবে চোটটা খুব বেশি গুরুতর নয়। ব্যাটিংয়ের পর কিছু সময় বিশ্রাম নিয়ে ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায় তাকে। এমনকি ফিল্ডিং কোচ শন ম্যাকডরম্যাটের ছুড়ে দেওয়া কঠিন চ্যালেঞ্জগুলো উতরে গেছেন তিনি।

তিন ওপেনারের ইনজুরির পর টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, লিটন-নাঈমের ইনজুরি গুরুতর কিছু নয়। আগামীকাল থেকে তারা আবার অনুশীলন করবেন। তবে অধিনায়ক তামিমের ইনজুরি নিয়ে এখনও নেই কোনো খবর। ঠিক কী অবস্থায় আছে তার ইনজুরি সমস্যা, সেটা জানা যায়নি। এমনকি তার ইনজুরি বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের চিন্তার ভাঁজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা