× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোচের ‘সুনজরে’ সৌম্য!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ০৯:১০ এএম

কোচের ‘সুনজরে’ সৌম্য!

ব্যাটিংয়ে বারবার ভুল! যতবার ভুল হচ্ছে ঠিক ততবারই চন্ডিকা হাথুরুসিংহে এসে শুধরে দিচ্ছেন সৌম্য সরকারের ভুল। সীমিত ওভারের সিরিজের আগে বাংলাদেশ দলের ক্যাম্পের নিয়মিত দৃশ্য এটি। হাথুরুসিংহের দৃষ্টিটা সৌম্যর দিকে একটু বেশিই।

প্রিয় শিষ্যের খারাপ সময় কাটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টাই যেন আছে এই লঙ্কানের মাঝে। সীমিত ওভারের সিরিজের দলে সৌম্যর নাম নেই। তবুও কেন তিনি ক্যাম্পে সেটা প্রশ্ন উঠতেই পারে। আশার কথা হলো, সৌম্য আছেন ইমার্জিং দলে। ওই সুবাদে তাকে দেখা যাচ্ছে জাতীয় দলের ক্যাম্পে।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সৌম্যর আছে সামর্থ্য প্রমাণের সক্ষমতা। তার গত কয়েক বছরের পারফরম্যান্স বারবার হতাশ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তো আছেন অন্তরালে। ঘরোয়া ক্রিকেটেও নেই আশার আলো। তবুও তিনি আলোচনায় ইমার্জিং দলে সুযোগ পেয়ে। ওই টুর্নামেন্টের আগে নিজের ভুলত্রুটি কাটাতে শরণাপন্ন হাথুরুসিংহের। প্রিয় শিষ্যের ওই ভুলগুলো ঠিক করার চেষ্টাও বিদ্যমান লঙ্কান কোচের মধ্যে। বুধবার ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি মনোযোগ ছিল সৌম্যর। পেস বোলিংয়ে নিজেকে শান দেন। গতকাল বোলিং নয়, সবার আগে ব্যাট হাতে নেটে চলে যান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে মূল মাঠ থেকে একাডেমিতে এসে সবার আগে দাঁড়িয়ে পড়েন সৌম্যর নেটের সামনে। যতক্ষণ নেটে ছিলেন, হাথুরুসিংহের চোখের দৃষ্টি থেকে এক মুহূর্তের জন্য সরেননি। তাতেই স্পষ্ট কোচের ‘সুনজরে’ আছেন।

সুনজরে থাকলেও সৌম্যর ব্যাট কথা বলছে না পক্ষে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ব্যাট করেছেন মাত্র ২৬.৬৪ গড়ে। তাতে এক সেঞ্চুরিতে এসেছে মোটে ২৯৩ রান। ঘরোয়া ক্রিকেটের এই অচলাবস্থা আন্তর্জাতিক ক্রিকেটেও বিদ্যমান। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, ফরম্যাট যেটাই হোক সৌম্যর জন্য রান করা হয়ে উঠেছে দুষ্কর। অন্তত পরিসংখ্যান সেটাই ব্যাখ্যা দেয়। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে ১০.৩০ গড়ে করেন মাত্র ১০৩ রান। দুইবার রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। ওয়ানডের পরিসংখ্যান আরও দুরবস্থার। সবশেষ ২০২১ সালে শেষবার ওয়ানডে জার্সিতে দেখা গেছিল তাকে। বাদ পড়েন রান করতে না পারার ব্যর্থতায়। শেষ ১০ ওয়ানডেতে করেন ১৫৭ রান। গড় শুধু ১৯.৬৩। এ সময়ে এক হাফসেঞ্চুরি ছাড়া বলার মতো কিছুই ছিল না সৌম্যর। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও আছে শূন্য। টি-টোয়েন্টিতে সংখ্যাটা দুই হলেও ওয়ানডেতে একবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। বিপিএলের সবশেষ আসরেও বারবার ফুটে ওঠে সৌম্যর দুরবস্থা। টুর্নামেন্টে ১২ ম্যাচে করেন ১৭৪ রান। কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অনুশীলনের পর ফিরবে তার সুসময় এটাই তো এখন অপেক্ষার।

সৌম্যর রানে ফেরার দিনে হাথুরুসিংহের কপালে চিন্তার ভাঁজ যুক্ত করেছেন অন্য ওপেনাররা। ওয়ানডে দলে থাকা তামিম ইকবাল, লিটন দাস ও নাঈম শেখ তিনজনই গতকাল পড়েছেন ইনজুরির কবলে। তামিমকে দেখা যায় পুরোনো পিঠের ব্যথায় কাতরাতে। লিটন ব্যথা পেয়েছেন হাতে ও নাঈম শেখের পায়ে আঘাত করে বল। তবে তিনজনের কারও চোটই গুরুতর নয়। আগামীকাল ফের অনুশীলনে নামবেন তারা। গতকাল বিসিবি মেডিকেল বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি দলে না থাকলেও বুধবারের মতো গতকাল জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত-শেখ মাহেদি। সবাইকে পরখ করে দেখছেন হাথুরুসিংহে। আফগানদের বিপক্ষে সব সময়ই কাজ করে লেগস্পিন-ভীতি। লেগস্পিনের বাড়তি অনুশীলনের জন্য তাই স্কুল ক্রিকেট থেকে উঠে আসা ইমতিয়াজ শিহাবকে দেখা যাচ্ছে। শিহাব থাকায় বারবার প্রশ্ন উঠছে কেন নেই রিশাদ হোসেন। বুধবার সেই উত্তর মেলেনি। গতকাল জানা গেল, হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে থাকায় এখনও দলের সঙ্গে যোগ দেননি। কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন সেই উত্তরও মেলেনি। 

ঈদের আগে আগামীকাল শেষবারের মতো অনুশীলন করবে বাংলাদেশ। ঈদের পর আগামী ২ জুলাই চট্টগ্রাম যাবে। ৩ জুলাই থেকে সিরিজের শেষ প্রস্তুতি শুরু হবে টাইগার ক্রিকেটারদের। ঈদের আগে হওয়া এই ক্যাম্পে নেই সাকিব আল হাসান। তিনিও সরাসরি চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা