প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৩ ২১:৫৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ২২:০০ পিএম
সপ্তাহ পেরোয়নি ২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ২০ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে আসরটি। আর এর মধ্যেই আর্জেন্টিনার হোম জার্সি ফাঁস করেছে ফুটবল খেলার সরঞ্জাম এবং বিভিন্ন দলের কিটভিত্তিক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’।
আরও পড়ুন : ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত
কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনার পুরো দল। সবশেষ চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এদিকে কোপা আমেরিকা সামনে রেখে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি। লক্ষ্য আসন্ন কোপা জিতে নিজের প্রাপ্তির ঝুলিটাকে আরও পোক্ত করা।
আর এবার সেই আসরকে সামনে রেখেই জার্সি ফাঁস করেছে আর্জেন্টিনা। মূলত দলটির জার্সির স্পন্সর অ্যাডিডাস। জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান সময়মতো কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সি প্রকাশ করবে।
কিন্তু তার আগেই জার্সির ছবি ফাঁস করেছে ফুটি হেডলাইনস। তারা জানিয়েছে, এই জার্সির তিন তারকা লোগোয় পরিবর্তন আসছে। এ ছাড়া জার্সিতে থাকছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ব্যাজ, অ্যাডিডাসের লোগো ও সোনালি রঙে খচিত তিন তারকা।