প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৩ ২০:৫৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩ ২০:৫৯ পিএম
কদিন আগে লিওনেল মেসি বলেছিলেন, ‘ফুটবলে সবকিছুই জিতেছি। কোনো কিছুই আর বাকি নেই।’ ২০২১ সালে কোপা আমেরিকা ট্রফি জেতার আগ পর্যন্ত মেসি আক্ষেপ করতেন, ভক্ত-সমর্থকদের কাছ থেকে শুনতেন- ‘জাতীয় দলের জন্য কিচ্ছু করতে পারেন না মেসি।’ শিরোপাশূন্য মেসি সেই দুঃখে একবার জাতীয় দলের জার্সিকে বিদায় বলেও দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন মহাতারকা ৩৫ বছর বয়সে এসে হয়েছেন পরিপূর্ণ- ‘সব জেতা’ মেসি এখন সেই সব অম্লমধুর দিন নিয়ে আক্ষেপ করেন না, বরং আনন্দ লাগে তার।
আরও পড়ুন - এজবাস্টনে বৃষ্টি গিলে খেল দুই সেশন
কাতারে ফ্রান্সকে হারিয়ে আরাধ্য বিশ্বকাপের শিরোপা তুলে ধরার অর্ধ বছর পূর্ণ হয়েছে রবিবার। সেই উপলক্ষে আর্জেন্টিনা দলের স্পন্সর অ্যাডিডাস একটি মিনি ডকুমেন্টারি আনছে। ‘আল্টা এন এল সিয়েলো’ অর্থাৎ ‘আকাশের মতো উঁচু’ নামের ডকুমেন্টারিতে কথা বলেছেন রদ্রিগো, মার্তিনেজ, আলভারেজসহ অনেকে। সেখানে মেসি রোমন্থন করেছেন তার ক্যারিয়ারের অম্লমধুর স্মৃতি।
অবসরের প্রসঙ্গ টেনে মেসি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে খেলা সব সময় গর্বের। তবে বাজে সময়ও এসেছে। এমনকি এটাও বলেছিলাম, জাতীয় দলে আর খেলব না। তখন মনের মধ্যে অনেক সন্দেহ দানা বেঁধেছিল।’
কিন্তু আর্জেন্টিনার প্রয়োজনে ২০১৮ বিশ্বকাপে বাছাই পর্বে দলে ফেরেন মেসি। নিজেকে ‘হাল না ছাড়ার’ মন্ত্র শুনিয়ে এরপর জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। ইউরোপের ডেরা ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখানো মেসি স্মৃতি রোমন্থন করে সেটিই বলেছেন- ‘এখন এটা ভেবে আনন্দ লাগে, একসময় অবসর নেওয়ার কথা বলেছিলাম, আমি অনুতপ্ত হয়েছি এবং জাতীয় দলে ফিরে এসে সবকিছু জিতেছি। বারবার ব্যর্থ হওয়ার পর অনেকবার শুনেছি ‘কখনও হাল ছেড়ো না’। আমার মনে হয় যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, তার চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ।’