প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১০:৪০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩ ১০:৫০ এএম
এক দলের ফিফা র্যাঙ্কিং ৯৯, আরেক দলের ১৯২। শক্তি-সামর্থ্যের কথা মাথায় রাখলে সাফে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে জয়টা রীতিমতো অসম্ভবই। তবে শেষ কিছুদিনে দুই দলের পারফরম্যান্স, সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি মিলিয়ে সে ম্যাচ থেকে এখন রীতিমতো জয়ের আশাই করছে বাংলাদেশ।
আরও পড়ুন : ইমার্জিং দলে সৌম্য-নাঈম
গেল ১০ জুন যখন ঢাকা থেকে কম্বোডিয়ার উদ্দেশে বিমানে উঠছে দল, তখনও প্রতিপক্ষ নিয়ে, সাফ নিয়ে প্রত্যাশার কথাগুলো একটু নরম সুরেই বলেছে বাংলাদেশ দল। তবে সাফের ঠিক আগে পরিস্থিতিটা বদলে গেছে রীতিমতো। দলের চাওয়া এখন শুধুই জয়।
পরিস্থিতিটা বদলে যেতে বড় সাহায্যটা করেছে কম্বোডিয়া সফর। সেখানে শুরুতে টিফি আর্মি ১-০, পরে কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে ১-০ গোলে পাওয়া দুই জয়ই দলের মানসিকতাটা বদলে দিয়েছে পুরোপুরি।
সহকারী কোচ হাসান আল মামুন থেকে শুরু করে দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো কিংবা শহীদুল আলম সোহেল সবাই জানালেন একই কথা, দলের সবাই এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী।
গতকালও অনুশীলন হয়েছে বিকালে। এর আগে দুপুরে চলেছে জিম সেশন। অনুশীলনে গতকাল কাজ চলেছে ট্রানজিশন নিয়ে। রক্ষণ সামলে আক্রমণে কীভাবে উঠতে হবে তা নিয়ে। লক্ষ্য সেই লেবানন ম্যাচ। ২২ জুন এই ম্যাচ দিয়ে সাফ যাত্রা শুরু বাংলাদেশের।
সে ম্যাচ নিয়ে এখন বেশ আশাবাদী দল। সহকারী কোচ হাসান বললেন, ‘লেবানন আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তবে আমাদেরও সুযোগ আছে, আমরা নিজেদের শক্তির জায়গাগুলোর পাশাপাশি ওদের দুর্বল জায়গাগুলোয় মনোযোগ দিচ্ছি। আমরা কাদের মার্ক করব, আমরা আমাদের রক্ষণটা কীভাবে প্যাকড রাখব, তা নিয়ে আজকে কাজ করেছি।’
তবে গোলরক্ষক জিকো জানালেন- স্রেফ পয়েন্ট নয়, জয় পাওয়াটাই খুব সম্ভব লেবাননের বিপক্ষে। কেন? ভারতের মাটিতে ইন্টারকন্টিনেন্টাল কাপে চার ম্যাচ খেলেছে। সেখানে ভানুয়াতুর বিপক্ষে জয় দিয়ে শুরু করার পর মঙ্গোলিয়া আর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি। ফাইনালে ভারতের কাছে হেরেছে ২-০ গোলে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ১২ দিনের ব্যবধানে লেবাননের পঞ্চম ম্যাচ। দলটির ক্লান্ত হওয়াটাও খুবই সম্ভব। নিজেদের শক্তি-সামর্থ্য তো আছেই, লেবাননের এই দুর্বলতাটাও আশার পালে দিচ্ছে হাওয়া। জিকোর কথা, ‘কালকে লেবানন ভারতের কাছে হেরেছে। ওরা টানা চারটা ম্যাচ খেলেছে, ওরা ক্লান্ত থাকবে। আমরা ওই সুযোগটাও নিতে চাইব। সুযোগগুলো কাজে লাগাতে পারলে আমাদের ম্যাচটা জেতারও সম্ভাবনা আছে।’