× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'এখনও চলছে পরীক্ষা-নিরীক্ষা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১১:৩৭ এএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১১:৩৯ এএম

'এখনও চলছে পরীক্ষা-নিরীক্ষা’

ইংল্যান্ড সিরিজের পর থেকেই শুরু পরীক্ষা-নিরীক্ষা। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই সিরিজেও ছিল তার ধারাবাহিকতা। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও তাই থাকছে। পরীক্ষা-নিরীক্ষার কারণ মূলত বদলি ক্রিকেটার প্রস্তুত রাখা। এমন আশায় চলছে এই ধারাবাহিকতা। গতকাল মিরপুরে গণমাধ্যমকে এই ইঙ্গিতটাই দিয়েছেন নির্বাচক আবদুর রাজ্জাক।

আরও পড়ুন : এমবাপের গোলে ফ্রান্সের জয়

আফগানদের বিপক্ষে টেস্টে ছিলেন না তামিম ইকবাল। বিকল্প হিসেবে একাদশে সুযোগ পেয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানরা নিজেদের প্রমাণ করেছেন। মূলত এই ধরনের বিকল্প ক্রিকেটার তৈরিতে বেশি মনোযোগ এখন বাংলাদেশ দলের। গতকাল রাজ্জাক বলেন, ‘৩-৪ বছর আগে বেশ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম, ওই রকম বিকল্প প্রস্তুত থাকত না। যত বেশি বিকল্প রাখা যাবে তত ভালো। নতুন যে আসবে সে যেন প্রস্তুত থাকে।’

যাদেরকে যে ফরম্যাটের জন্য বিবেচনায় রাখা হয়েছে, তাদেরকে সেই ফরম্যাটেই সুযোগ দেওয়া হবে। এমনটাই আশ্বস্ত করেছেন রাজ্জাক, ‘এখন দলে যারা আছে, যে যেই ফরম্যাটে পারদর্শী তাকে সেই ফরম্যাটে সুযোগ দেওয়া হবে। যখন যেমন কম্বিনেশন দরকার সে রকম দলই করা হয়। কাউকে বাদ দিয়ে দেওয়া হয়নি।’

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ডাক পান মৃত্যুঞ্জয় চৌধুরী। তাকেও নেওয়া হয়েছিল বাজিয়ে দেখার লক্ষ্যে। তবে এখনও প্রস্তুত নন। মৃত্যুঞ্জয়ের মতো অন্য তরুণদেরও জাতীয় দলে সুযোগ দিয়ে প্রস্তুত করছেন নির্বাচকরা। বলেন, ‘ও (মৃত্যুঞ্জয়) পুরোপুরি তৈরি না। আমাদের এই একটা জায়গা আছে। লেগস্পিনারেরও জায়গা আছে। ভালো তো হতে হবে, যে জায়গাই হোক। অনেক খেলোয়াড় থাকে যাদের আরেকটু সময় লাগবে। তাদের ওই সময় দেওয়া হবে।’

একই কারণে আফগান সিরিজে ডাক পাননি এনামুল হক বিজয়। তবে তাকে রাখা হয়নি বিবেচনার বাইরে, ‘বিজয় ভালো খেলেছে। টিম কম্বিনেশনে হচ্ছে না। কোনো দ্বিধা নেই সে ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে। বিজয় হিসাবের বাইরে চলে যায়নি। হিসাবের মধ্যেই আছে।’

দল নিয়ে চলমান পরীক্ষা-নিরীক্ষার মাঝে এশিয়া কাপের দল নিয়েও তৈরি হচ্ছে আলোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, এশিয়া কাপের দল বিশ্বকাপে যাবে। নির্বাচক রাজ্জাকেরও প্রায় একই মত। ইনজুরি-পারফরম্যান্সের কারণে সামান্য পরিবর্তনের সুযোগও দেখেন তিনি- ‘পারফরম্যান্স, সুস্থতা, ইনজুরির ব্যাপার আছে। সেক্ষেত্রে কিছু পরিবর্তন আসতেই পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা