প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১১:৩৭ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩ ১১:৫৩ এএম
চার মাসও হাতে নেই। মাঠে গড়াবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ম্যানস ওয়ানডে বিশ্বকাপ। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক ভারতসহ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করা ৮টি দল। ১০ দলের আসরের বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে।
আরও পড়ুন : ইতিহাস!
এখানেও মূল পর্বের মতো দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দশটি দল, যা শুরু হচ্ছে আজ। বাছাই পর্বের ম্যাচগুলো হচ্ছে জিম্বাবুয়েতে। বিশ্বকাপের আগে যা পরিণত হয়েছে আরেকটি মিনি বিশ্বকাপে।
বাছাই পর্ব খেলা দশ দলের মধ্যে রয়েছে বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করেছে আইসিসি। স্বাগতিক জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ ‘বি’-তে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বাছাই পর্বের প্রথম দিনে মাঠে নামবে আয়োজক জিম্বাবুয়ে ও নেপাল। আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে একে অপরের সঙ্গে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল যাবে সুপার সিক্স পর্বে। এ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ, গ্রুপ পর্বে যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সঙ্গে হবে খেলা। গ্রুপ পর্বে অর্জিত পয়েন্ট সুপার সিক্স পর্বেও যোগ হবে। তবে যেসব দল সুপার সিক্স পর্বে উঠতে ব্যর্থ হয়েছে, সেসব দলের বিপক্ষে অর্জিত পয়েন্ট গণ্য করা হবে না। সুপার সিক্স পর্বের শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল, যে দুটি দলই যাবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে; যেখানে তাদের জন্য অপেক্ষায় থাকবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশের মতো শক্তিশালী দেশ।
বিশ্বকাপ সুপার লিগের শীর্ষ সাতে জায়গা না হওয়ায় বাছাই পর্ব খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে। অন্যদিকে নেপাল, ওমান ও যুক্তরাষ্ট্র এসেছে বিশ্বকাপ লিগ ২ থেকে। বাকি দুটি দল সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড সুযোগ পেয়েছে বাছাই পর্বের প্লেঅফ খেলে।
ওয়ানডে বিশ্বকাপে বাছাই পর্বের গ্রুপ
গ্রুপ ‘এ’
জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজ
নেদারল্যান্ডস
নেপাল
যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’
শ্রীলঙ্কা
আয়ারল্যান্ড
স্কটল্যান্ড
ওমান
সংযুক্ত আরব আমিরাত