প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ০৯:২৬ এএম
‘একটা ক্যাচ মিস হতেই পারে।’- আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ইনিংসে গুনে গুনে তিনটা ক্যাচ ছাড়ে বাংলাদেশ। যার একটা আবার অধিনায়ক লিটনের ভুলে। সহজ রান আউট মিস হয়েছে। দারুণ কিছু ক্যাচ তালুবন্দি করার সুযোগ হাতছাড়া হয়েছে। শেষমেশ ফিল্ডাররা সুযোগের সদ্ব্যবহারে ব্যর্থ। যদিও আফগান ব্যাটিংয়ে নেই এর প্রভাব। এর পুরো কৃতিত্ব অবশ্য বোলারদের। তাদের দাপুটে বোলিংয়ে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানদের প্রথম ইনিংস।
আরও পড়ুন : মিরপুরে পেসারদের উৎসবের দিন
গতকাল দিনের শুরুতে আধাঘণ্টাও টিকে বাংলাদেশের ব্যাটিং। আফগানদের বোলিং তোপে শেষ ৫ উইকেট হারায় দল মাত্র ৯ রান যোগ করে। দিনের শুরুর ওই সময়টুকুই আফগানদের জন্য স্বস্তির। বাকি সময়জুড়ে ছিল অস্বস্তির হাওয়া। ব্যাটিংয়ে নামলে শুরু হয় একের পর এক উইকেট হারানোর মিছিল। সঙ্গে বাড়ছিল অস্বস্তি। আফগান শিবিরের ওই অস্বস্তি কমানোর অনিচ্ছাকৃত প্রয়াস ছিল বাংলাদেশি ফিল্ডারদের। তিন তিনবার ক্যাচ হাতছাড়া হলো। প্রথম সুযোগটা ছিল দ্বিতীয় ওভারে। বল আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটের কোনায় লেগে চলে যায় স্লিপ কর্ডনে। উইকেটের পেছনে থাকা লিটন শান্তর সামনে লাফিয়ে পড়লে হাতছাড়া হয় ইব্রাহিমের ক্যাচ।
ওই শুরু, পরে আরও দুই দুইবার ক্যাচ ছাড়েন বাংলাদেশি ফিল্ডাররা। নবম ওভারের দ্বিতীয় বলে ইবাদতের বলে স্লিপে থাকা দুই ফিল্ডারের মধ্য দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। ২৮তম ওভারেও ইবাদতের বলে ক্যাচ মিস। বল ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো জাকির হাসানের হাত স্পর্শ করেছিল। তবে ঠিকঠাক বল ও হাতের মিল না হওয়ায় শেষমেশ জাকির ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ। এত গেল নিশ্চিত ক্যাচ হাতছাড়ার ইতিবৃত্ত। ১৯তম ওভারে ইনিংসে প্রথমবারের মতো স্পিন আক্রমণ আনে বাংলাদেশ। দ্বিতীয় বলেই সাফল্যের দেখা পেতে পারতেন তাইজুল ইসলাম। ফাইন লেগে দাঁড়ানো তাসকিন উড়ন্ত বলের লাইন না বোঝায় মিস করেন ক্যাচ।
ক্যাচের মতো ফিল্ডিংয়ে বল ধরতে না পারার ঘটনা ঘটেছে কয়েকবার। রানআউটের দুটি সুযোগ নষ্ট হয়।