প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ০৮:৩১ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ০৮:৪০ এএম
ম্যাচের প্রথম দিনের সেরা ডেলিভারিটা ছিল তারই। সে বল ইতিহাসের পাতাতেও তুলে দিয়েছিল তাকে। তবে সে উইকেট-আনন্দের পর নিজাত মাসুদের বাকি দিনটা কেটেছিল হতাশাতেই। ১৩-২-৬৭-২ বোলিং বিশ্লেষণটা যে মোটেও ভালো কিছু নয়। সঙ্গে পুরো দলের বোলিংও যে হয়নি আশানুরূপ!
আরও পড়ুন : মিরাজের ১৫০
তবে সে হতাশাটা আফগানরা দ্বিতীয় দিনের শুরুতেই কাটিয়ে উঠেছে ভালোভাবেই। কোচ জনাথন ট্রট আগের দিন দলের ‘ভালো জায়গায়’ বোলিংয়ের গুরুত্বটা তুলে ধরেছিলেন, করেছিলেন নতুন বলের আশাও। সঙ্গে জুড়ে দিয়েছিলেন খানিক রসিকতাও; বলেছিলেন- ‘১০ রানে ৫ উইকেট তুলে নেব, আর ব্যাট হাতে করব ৫০০ রান, তাহলেই তো হলো!’
ট্রটের সে রসিকতা দ্বিতীয় দিন শুরুর পর নতুন বলে বাস্তবে রূপ নিল রীতিমতো। ঠিক মাপা লেন্থে হলো না অবশ্য, কিন্তু আগের দিন অফস্টাম্পের অনেক বাইরে কিংবা লেগ সাইডে, প্যাডে বল দেওয়ার মাত্রাটা কমল সবার। তাতেই বাংলাদেশ পড়ল বিপাকে। কোচের রসিকতাটা তাতেই হয়ে গেল বাস্তব। সে মিশনে আফগানদের সামনে থেকেই নেতৃত্ব দিলেন নিজাত, রেকর্ড গড়ার পর আগের দিন দেদার রান দেওয়ার মিছিলে শামিল ছিলেন যিনি।
শুরুটা অবশ্য করেছিলেন ইয়ামিন আহমাদজাই। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলতে বাধ্য করলেন মিরাজকে। বাংলাদেশের ধসেরও শুরু তখনই। এরপর দৃশ্যপটে এলেন নিজাত। তার খানিকটা লাফিয়ে ওঠা বল মুশফিকের ব্যাট ছুঁয়ে গেল, তৃতীয় স্লিপে নাসির জামাল ক্যাচটা নিলেন। মুশফিককে বিদায় করে নিজাত পান তৃতীয় উইকেটের দেখা।
বাংলাদেশ ব্যাটিং লাইনআপের লেজ তখন বেরিয়ে এসেছে। নিজাতের সামনে সুযোগ অভিষেক টেস্ট ইনিংসে ৫ উইকেট শিকারের। সুযোগটা তিনি হেলায় হারাননি। দুই টেলএন্ডার তাইজুল ইসলাম আর শরিফুল ইসলামকে বিদায় করে তিনি তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট, তাও নিজের ক্যারিয়ারের প্রথম ইনিংসেই। তাতে একটা কীর্তিও গড়া হয়ে গেছে তার।
অভিষেকে পাঁচ উইকেটের কীর্তি ক্রিকেট ইতিহাসে নেহাত কম নেই। নিজাতসহ ১৬২ খেলোয়াড় এ পর্যন্ত অভিষেকে পাঁচ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষেই তো এমন হয়েছে ৮ বার! সবশেষ হয়েছিল ২০২১ সালে, শ্রীলঙ্কার জয়াবিক্রমা সেবার দুই ইনিংসেই তুলে নিয়েছিলেন ফাইফার।
তবে নিজাতকে আলাদা করেছে অন্য একটা বিষয়। ক্যারিয়ারে প্রথম বলেই উইকেট নিয়েছেন, এমন খেলোয়াড়দের সংখ্যা নিজাতসহ ২২ জন। তবে তাদের মধ্যে সে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই খুব বেশি বোলারের। সে বিরল তালিকায় সবশেষ সংযোজন হয়েছে নিজাত মাসুদের নাম।
তালিকার প্রথম নামটা ইংলিশ বোলার বিল ব্র্যাডলির। ১৮৯৯ অ্যাশেজের চতুর্থ ম্যাচে অভিষেক হয় তার। সে ম্যাচ আর ক্যারিয়ারটা তিনি শুরু করেছিলেন প্রথম বলেই ফ্র্যাঙ্ক লেভারের উইকেট নিয়ে, এরপর সে ম্যাচে তুলে নিয়েছিলেন আরও ৪ উইকেট। প্রথম বলে উইকেট, পরে ফাইফারের কীর্তি সেবারই প্রথম দেখেছিল ক্রিকেট।
এরপরের ঘটনাটা খুব বেশিদিন আগের নয়। ২০১১ সালে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে অভিষিক্ত নাথান লায়ন সিরিজের প্রথম ম্যাচেই করেন বাজিমাত। তার ক্যারিয়ার শুরু হয় প্রথম বলেই কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে, সে ইনিংসে ৩৪ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট।
ব্র্যাডলি-লায়নের পর এই তালিকায় উঠল নিজাতের নাম। তবে এই কীর্তিতেই যে আফগান পেসার থামতে চাইবেন না, তা কি আর বলে দিতে হয়?