প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ০০:১০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ০৮:৩১ এএম
‘আমার ভাগের উইকেটটা নিলে কেন!’- করিম জানাতের উইকেটটা নিতেই পেছন থেকে এসে ইবাদত হোসেন যখন দুষ্টুমি করে চুলটা টেনে ধরলেন মেহেদি হাসান মিরাজের, তখন এ কথা বলছিলেন কি না, কে জানে! ইবাদত যে ছিলেন ৫ উইকেট থেকে একটির দূরত্বে!
আরও পড়ুন : বোলিং অনুশীলনে সাকিব
তবে মিরাজের সে শিকারে তিনি নিশ্চয়ই নাখোশ হননি! সে উইকেটটাই যে ২৩৬ রানের বিশাল এক লিড নিশ্চিত করেছে দলের! মিরাজের মাইলফলকটা জানার পর খুশিটা আরও বাড়ারই কথা তার। সেই এক উইকেট যে ছিল মিরাজের ১৫০তম, বাংলাদেশের টেস্ট ইতিহাসেই যে কীর্তি আছে শুধু আর মাত্র দুজনের।
পেসারদের আধিপত্য সকাল থেকেই ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। শুরুর সেশনটাতে তো আফগান আর বাংলাদেশি পেসাররাই তুলে নিয়েছেন ৮ উইকেটের সবকটি। সে কারণেই কি না আক্রমণে স্পিন আনতে লিটন দাস পার করে ফেলেছিলেন ১৭টি ওভার। শুরুতে তাইজুল এলেন, এরপর দ্বিতীয় স্পিনার হিসেবে এলেন মিরাজ।
এসেই বাজিমাত। ঠিক ‘এসেই’ নয় অবশ্য, দ্বিতীয় ওভারে তিনি ভাঙলেন নাসির জামাল আর আফসার জাজাইয়ের জুটি। দুজন মিলে শুরুর ধাক্কাটা সামাল দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। সেই জুটিই ভেঙে দেন মিরাজ।
এরপর শেষ উইকেটটা নিতেই ছুঁয়ে ফেলেন ১৫০ উইকেটের মাইলফলক। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি ছুঁয়েছেন তিনি, জেনেই গেছেন। আগের দুজন হলেন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। ১৫০তম উইকেট নিতে মিরাজ সময় নিয়েছেন সাকিবের চেয়েও কম। ক্যারিয়ারের ৩৯তম ইনিংসে এসে এই কীর্তি ছুঁলেন তিনি, যা ছুঁতে সাকিবের লেগেছিল ৪২ ম্যাচ।
দ্রুততম ১৫০-এর রেকর্ডটা অবশ্য ছুঁতে পারেননি তিনি। সেটা আছে তাইজুলের দখলে। ৩৬তম ম্যাচে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি এই স্পিনার।