প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৩ ২৩:০৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ২৩:০৭ পিএম
মৌসুমে একটি শিরোপাই যেখানে স্বপ্নের মতো সেখানে দুটো শিরোপা (প্রিমিয়ার লিগ ও এফএ কাপ) জিতেও কোনো উদযাপন নেই। সমর্থকদের অপেক্ষায় রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। বললেন, অপেক্ষা করুন চ্যাম্পিয়নস লিগ ট্রফি অর্থাৎ চূড়ান্ত সাফল্যের জন্য। ধৈর্য ধরল সমর্থকরা। কথা রাখলেন গার্দিওলা। উপহার দিলেন সুমিষ্ট ফল।
আরও পড়ুন : ইউনিয়ন ব্যাংককে ২৫ লাখ টাকা পুরস্কার দিল রূপায়ণ গ্রুপ
শনিবার রাতে সিটিজেনদের চূড়ান্ত উদযাপনের সেই মুহূর্ত এনে দিলেন গার্দিওলা। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে মৌসুমে ট্রেবল শিরোপা এনে দিলেন ইতিহাদে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেল সিটিজেনরা। এমন কীর্তির পর তাই ইতিহাদে বইছে আনন্দের জোয়ার। গার্দিওলা বন্দনায় মেতেছেন সবাই।
ট্রেবল জয়ের অভিজ্ঞতা সিটির জন্য প্রথমবার হলেও গার্দিওলার জন্য সেটি নয়। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফিসহ মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ আগেও নেওয়া হয়েছে তার। বায়ার্ন মিউনিখের হয়েও ট্রেবল জয়ের খুব কাছে ছিলেন। তবে শেষ পর্যন্ত হয়নি। সিটিতে সব জিতলেও কেবল ইউরোপসেরার মুকুট পরা হচ্ছিল না তার। অবশেষে সেটিও করে ফেলেছেন তিনি।
এমন কীর্তির পর গার্দিওলা ‘অমর’ হয়ে থাকবেন বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রিও ফার্ডিনান্ড। তিনি বলেন, ‘অমরত্ব! এটা সে অর্জন করেছে। ইউরোপের বাকি দলগুলোর জন্য ভয়ের ব্যাপার হচ্ছে সিটির বিরামহীন ক্ষুধা। তারা যদি আগামী মৌসুমেও এ সাফল্য পায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। দলটি সব কৃতিত্বের যোগ্য। তারা দারুণ শক্তিশালী ও দুর্দান্ত একটি দল।’
অন্যদিকে সাবেক ইংলিশ সেন্টারব্যাক জোনাথন উডগেট গার্দিওলাকে মানছেন ‘সর্বকালের সেরা’ হিসেবে। গার্দিওলা ও সিটির এমন সাফল্য ছুঁয়ে গেছে ২০২১ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারা সাবেক ডিফেন্ডার জোলেওন লেসকটকেও। তিনি বলেন, ‘তারা আইকনিক হয়ে গেল। এই অনুভূতি যেকোনো কিছুর চেয়ে আলাদা। এই অনুভূতি ক্লাবের জন্য বিশেষ কিছু।’ রিয়াল ডিফেন্ডার উডগেটের মতে গার্দিওলা ফুটবলটাকেই বদলে দিয়েছেন, ‘এটা নিশ্চিত যে গার্দিওলা সর্বকালের সেরা। ফুটবলকে আমরা যেভাবে দেখতাম, তা সে বদলে দিয়েছে।’