× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশিরাই মুশফিকের অনুপ্রেরণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ২৩:৪৫ পিএম

দেশিরাই মুশফিকের অনুপ্রেরণা

বিবর্ণ পেস বোলিং; এটাই ছিল একসময় বাংলাদেশের পেসারদের জন্য যথার্থ শিরোনাম। সময় বদলেছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদদের নিয়ে গঠিত পেস বিভাগ এখন সমাদৃত হচ্ছে প্রতিনিয়ত। পেসারদের রাজত্বের মাঝে বাংলাদেশের পেস বোলিং বিভাগে নতুন সংযোজন মুশফিক হাসান।

আরও পড়ুন : অনুশীলনে পেসারদের আধিপত্য

ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো মুশফিক এবার জাতীয় দলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই ডানহাতির জন্য অনুপ্রেরণা দেশি পেসাররাই। ভিনদেশি ক্রিকেটার তার আদর্শ হলেও অনুপ্রেরণা নিচ্ছেন দেশিদের থেকে।

কয়েক দিন আগে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান। ‘এ’ দলের খেলা শেষে ছুটি কাটিয়ে গতকাল ক্যাম্পে যোগ দেন। সেখানেই কথা বলেন নিজের অনুপ্রেরণা, জাতীয় দলে ডাক পাওয়া ও স্বপ্ন নিয়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘এখন আমি অনুপ্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের থেকে। আমি অনুসরণ করি (কাগিসো) রাবাদাকে।’ জাতীয় দলে ডাক পাওয়ার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পারফরম্যান্সকে কৃতিত্ব দিয়েছেন এই ডানহাতি পেসার, ‘সর্বপ্রথম শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি ডাক পেয়েছি। আমি মনে করি, আমি প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক ভালো খেলেছি। এজন্য হয়তো আমাকে ডেকেছে।’ 

প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়ানো মুশফিক ‘এ’ দলেও নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় দলেও ধরে রাখতে চান সেই ধারাবাহিকতা। মুশফিকের ভাষ্যমতে, ‘এনসিএল বিসিএল যেভাবে খেলেছিলাম, সেখানেও (‘এ’ দল) ওভাবে খেলেছি। যদি আমি জাতীয় দলে সুযোগ পাই, সেভাবে খেলব।’ টেস্ট ক্রিকেটকে উপভোগ করেন জানিয়ে বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলতে অনেক উপভোগ করি। ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার। আজকে ক্যাম্পে যোগ দিলাম। অ্যালান ডোনাল্ডের সঙ্গে আগে কাজ করছিলাম। আমাকে স্বাগত জানিয়েছেন।’

ক্যাম্পের প্রথম দিন মিরপুরে দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। টেস্ট দলে না থাকলেও মিরপুরে গতকাল অনুশীলন করেন তিনি। সাকিবের সঙ্গে মিরপুরে কথাও বলেছেন মুশফিক। সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিব তাকে অভিনন্দন জানান। এর আগেও অবশ্য মুশফিকের সুযোগ হয়েছিল সাকিবের সঙ্গে খেলার। সর্বশেষ ডিপিএলে মোহামেডানে একই দলে খেলেন তারা দুজন। ফলে জাতীয় দলে ডাক পাওয়ার আগেই সাকিবের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির সুযোগ পেয়েছিলেন। সেখানে সাকিব কী বলেছিলেন, সেই অভিজ্ঞতাটাই গতকাল সবার সঙ্গে ভাগাভাগি করেন মুশফিক- ‘যখন মাঠে খেলেছি, তখন বুঝিয়ে দিয়েছেন ‘এটা কর, ওটা কর।’ জিজ্ঞাসা করলে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন।’ গতকাল কী বলেছেন সাকিব? সেই প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, ‘সাকিব ভাই বললেন- কনগ্রেটস মুশফিক। ক্যারি অন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা