প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ০১:০০ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ০১:০৫ এএম
এএফপি জানিয়ে ছিল, সৌদি আরবে যাচ্ছেন লিওনেল মেসি। এজন্য ফুটবল সুপারস্টার ৫২২ মিলিয়ন পাউন্ডে চুক্তিও করে ফেলেছেন। তার মানে সৌদি ক্লাব আল হিলালে নাম লিখলে বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ১২০ কোটির বেশি টাকা পেতেন এ ফুটবল জাদুকর।
আরও পড়ুন : বার্সা বলছে, কম চাহিদার লিগে খেলতে যাচ্ছে মেসি
কিন্তু টাকার বস্তা নিয়ে ট্রান্সফার মার্কেটে নামা আল হিলালকে মানা করে দিয়েছেন। তাদের দেওয়া লোভনীয় আর্থিক চুক্তির প্রস্তাব মাড়িয়ে মেসি পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। নাম লেখাচ্ছেন মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে। এ ব্যাপারে মেসির সিদ্ধান্ত পাকা।
কিন্তু প্রশ্ন হলো, ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন এখন সৌদি আরবে। তাহলে মেসির মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে সমস্যা কোথায়? সঙ্গে ছিল কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়ার লোভনীয় হাতছানি। কিন্তু সৌদির কড়া ইসলামিক অনুশাসন সম্ভবত বাধা হয়ে দাঁড়িয়েছে মেসির আল হিলালে যাওয়ার পথে।
দেশটির সংস্কৃতির কারণে এখন নানা সমস্যা পোহাতে হচ্ছে রোনালদো ও তার পরিবারকে। যেটা মেসির সৌদি যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রয়েছে ভাষার সমস্যা। আরব দেশটিতে সমস্যায় পড়তেন মেসি নিজে। সঙ্গে তার স্ত্রী ও তিন ছেলে তো বিপাকে পড়ে যেত। প্যারিসের পড়াশোনার সঙ্গে মেসির এক ছেলে তো কোনোভাবেই তাল মেলাতেই পারেনি।
মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও সৌদিতে রাজি ছিলেন না। এমনকি যুক্তরাষ্ট্রও তার পছন্দ নয়। তার পছন্দ ছিল বার্সেলোনা। কিন্তু তারপরও সংস্কৃতির মিল থাকায় ফ্লোরিডায় যেতে হচ্ছে তাদের।
ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি শেষে মেসি যে সৌদিতে যাবেন না। তার তো কোনো গ্যারান্টি নেই। ক্যারিয়ারের শেষটা সৌদি লিগেই খেলতে পারেন পিএসজির সাবেক এ মহাতারকা। সে প্রত্যাশায় থাকতেই পারে আল হিলাল কর্তৃপক্ষ।