প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২৩:৩৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ০১:০২ এএম
লিওনেল মেসিকে ফেরাতে চেয়েছিল বার্সেলোনা। আর্জেন্টাইন এ সুপারস্টারকে প্রস্তাবও দিয়েছিল কাতালান ক্লাবটি। মেসিও মনেপ্রাণেই চেয়েছিলেন পুরোনো ক্লাবে ফিরতে। ছেলের ইচ্ছা পূরণে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বাবা জর্জ মেসি। এজেন্ট হিসেবেও তার করণীয় সবটাই করেছিলেন। মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে আর্থিক ফেয়ার প্লে’র যে পরিকল্পনা দিয়েছিল বার্সা, লা লিগা কর্তৃপক্ষও তাতে সায়ও দিয়েছিল।
আরও পড়ুন : ব্যাটিংয়ের পর বোলিংয়েও ক্ষুরধার অস্ট্রেলিয়া
ব্যাপারটা এখানেই শেষ নয়। মেসির বার্সায় যাওয়ার সঙ্গে আরও অনেক বিষয় জড়িত ছিল। যার বেশিরভাগই ছিল জটিল। মেসিকে পেতে হলে অনেক ফুটবলারকে ছেড়ে দিতে হতো বার্সাকে। কমাতে হতো অনেক ফুটবলারের বেতন। মেসি আসলে বার্সার খেলোয়াড়দের এমন কঠিন পরিস্থিতিতে ফিরতে চাননি কোনোক্রমে। যে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
মেসি ফের একই ধরনের সমস্যায় আবার পড়তে চাননি। তার চেয়ে বড় কথা, লাইমলাইটের বাইরে গিয়ে কম চাপ ও প্রতিদ্বন্দ্বিতার মধ্যে খেলতে চান এখন। এ কারণে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এমনকি আল হিলালের লোভনীয় আর্থিক প্রস্তাবেও মন গলেনি মেসির।
বাস্তবতা মেনে নিয়েছে বার্সা। মেসিকে না পাওয়ার কষ্ট ভুলে এ মেগাস্টারকে শুভ কামনা জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ। তবে বলতে গেলে ‘গুরুত্বহীন’ লিগে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মেসিকে খোঁচাও দিয়েছে তারা- ‘কম চাহিদার লিগে, পাদপ্রদীপের আলো থেকে দূরে এবং সাম্প্রতিক বছরগুলোতে যতটা চাপের মধ্যে ছিলেন, তার চেয়ে কম চাপের লিগে মেসির খেলতে চাওয়ার সিদ্ধান্ত বার্সেলোনা সভাপতি বুঝতে পারছেন এবং সম্মানও করেন।’