চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:১৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৩:৩৮ পিএম
এখন দলে তারকার অভাব নেই। অথচ ২০১৫ সালে একরকম শূন্য হাতে ম্যানচেস্টার সিটিতে পা রেখেছিলেন কেভিন ডি ব্রুইনে। মধ্যমাঠ সামলানোর মতো কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তরুণ বয়সে। সেই কাঁধ আজ বেশ পোক্ত। ডি ব্রুইনে আজ পরিণত এক ফুটবলার। ম্যানচেস্টার সিটির তারকা। মধ্যমাঠের কান্ডারি।
আরও পড়ুন : ফাইনালে সবুজ উইকেট ভারতের ‘বিপদ’
সময়ের সেরা মিডফিল্ডারদের একজন। এরই মধ্যে দলকে জিতেয়েছেন পাঁচটি করে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা। দুইবার উঁচিয়ে ধরেছেন এফএ কাপ ট্রফি। তবে এখনও অমৃতের স্বাদ পাওয়া হয়নি তার। সেই আক্ষেপ ঘোচাতেই শনিবার রাত ১টায় তুরস্কের আতাতুর্ক স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে সিটির জার্সিতে মাঠে নামবেন তিনি।
যেখানে জয় ভিন্ন কিছু ভাবছেন না ৩১ বছর বয়সি এই তারকা। তবে হারলেই যে সব শেষ সেটি মানতেও নারাজ তিনি। তার মতে, স্রেফ ৯০ মিনিটের একটি ম্যাচ ৭০০ ম্যাচের গোটা ক্যারিয়ারকে ফুটিয়ে তুলতে পারে না।
এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি একটু বেশিই বিশেষ সিটির জন্য। এখন পর্যন্ত ইউরোপসেরার মুকুট মাথায় পরা হয়নি ক্লাবটির। ২০২১ সালে খুব কাছে গিয়েও ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছে দলটির।
তবে এবার বদলেছে প্রেক্ষাপট। ইতোমধ্যেই মৌসুমে দুটি শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। সুযোগ এখন ট্রেবল শিরোপা ঘরে তোলার। সেটি হলে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে মৌসুমে ট্রেবল শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল।
এর আগে ১৯৯৮-৯৯ মৌসুমে ট্রেবল শিরোপা উঁচিয়ে ধরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যেই রেকর্ডে আজও ভাগ বসাতে পারেনি প্রিমিয়ার লিগের কোনো দল। তবে এবার সে পথেই আছে দলটি। আর সে পথে গার্দিওলার দলের মূল কান্ডারি হতে পারেন ডি ব্রুইনে।
তবে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জয়ই তার কাছে শেষ কথা নয়। ডি ব্রুইনের মতে, ‘এটা নির্ভর করে একেকজনের ওপর। চ্যাম্পিয়নস লিগের সাফল্য দিয়ে সিটিকে বিচার করা হবে কি না সেটা যারা বিচার করে তাদের বিবেচনা। আমাদের দলের বেশিরভাগ ছেলে এমনিতেই অবিশ্বাস্য।
চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে অবশ্যই ভালো লাগবে। তবে স্রেফ ৯০ মিনিটের একটি ম্যাচ গোটা ক্যারিয়ারকে ফুটিয়ে তুলতে পারে না। ক্যারিয়ারে প্রায় ৭০০ ম্যাচ খেলেছি আমি। এর মধ্যে স্রেফ এই ৯০ মিনিট আমার ক্যারিয়ারের ভাগ্য গড়ে দিতে পারে না। তবে হ্যাঁ, জিততে পারলে তা ক্যারিয়ারকে অন্যপর্যায়ে নিতে সহায়তা করবে অবশ্যই।’
লিগ শিরোপা জয়ের পর গত শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর তরতাজা আত্মবিশ্বাসকে সঙ্গী করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নামবে সিটি। এই ম্যাচেও তারা নামবে ফেভারিট হিসেবে। যদিও ডি ব্রুইনের মতে, ফাইনালে ফেভারিট বলে কিছু নেই। যোগ্য দলই ফাইনালে আসে। তিনি বলেন, ‘এফএ কাপ জয় আমাদের প্রাপ্য ছিল। এটি অর্জিত হওয়ায় আমি দারুণ খুশি ও গর্বিত। সপ্তাহটি আমাদের উপভোগ করা উচিত এবং আশা করি সেরাটা দিয়ে পারফর্ম করতে পারব (ফাইনালে)। ইন্টার খুব ভালো দল। ফাইনাল ম্যাচ সব সময়ই ৫০-৫০।
ফাইনাল ম্যাচ সব সময়ই কঠিন। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সামলাতে হবে। কঠিন সময় আসবে ম্যাচের মধ্যে, ওই সময়টাতেই নিজেদের কাজ করতে হবে। ইন্টারের দারুণ সব ফুটবলার আছে এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধাও আছে। সহজ সব প্রতিপক্ষকে হারিয়ে তারা ফাইনালে আসেনি।’