× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে টেস্ট ম্যাচ, কন্ডিশন কার পক্ষে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১০:০৮ এএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১০:৩৭ এএম

গরমে টেস্ট ম্যাচ, কন্ডিশন কার পক্ষে

বাংলাদেশ দল গতকাল যখন অনুশীলনে নামে গুগলে তখন তাপমাত্রা দেখাচ্ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গুগল আরও দেখাচ্ছিল, তাপমাত্রা শরীরে অনুভব হচ্ছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী আরও কয়েক দিন থাকবে এই রকম তাপমাত্রা।

আরও পড়ুন : ‘আমিরাতে গরম’ অজুহাতে চটেছেন আফ্রিদি

এমন গরমেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তীব্র গরমে খেলার অভ্যাস নেই বাংলাদেশের ক্রিকেটারদের। তবুও পেশাদারত্বের খাতিরে মাঠে নামতে হবে। এই আবহাওয়ায় মিরপুরের কন্ডিশনে কারা সুবিধা পাবে, সেই প্রশ্ন উঠছে এখন। 

আফগানদের বিপক্ষে সাদা পোশাকে একমাত্র দেখায় পরাজয়ের তিক্ত স্বাদ পায় বাংলাদেশ। নিজেদের পাতা স্পিনফাঁদে আটকায়। ওই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বিকল্প কিছুর চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তার প্রমাণ ১৫ সদস্যের ঘোষিত দলে পাঁচজন পেসার। বাংলাদেশ দলের অনুশীলনে দেখা যাচ্ছিল পেসারদের ওপর বাড়তি মনোযোগ। এমনকি উইকেটেও দেখা মিলছে ঘাসের। তাই সবার ধারণা হয়তো পেসসহায়ক উইকেটেই ভরসা রাখবে। তীব্র গরম আবহাওয়া পেসারদের সহায়তা করবে কি না, সেই প্রশ্নটাই আসছে বারবার।

জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজের মতে, আবহাওয়া পুরোটাই স্পিনারদের পক্ষে। তিনি জানান, গরমের কারণে উইকেটে দ্রুত ফাটল ধরতে পারে। যা কি না বেশিরভাগ সময়ই স্পিনারদের সুবিধা দেয়। তবে বুদ্ধিদীপ্ত বোলিং করা সম্ভব হলে পেসাররাও ভালো করতে পারবেন বলে তার বিশ্বাস।

তিনি বলেন, ‘গরমের কারণে উইকেটে তাড়াতাড়ি ফাটল ধরবে। উইকেটে ফাটল মানেই স্পিনারদের জন্য সুবিধা। পেসাররাও ভালো করতে পারবে, যদি ওরা জায়গামতো বোলিং করতে পারে।’ আফগানদের বিপক্ষে টেস্টের সময় এমন গরম থাকলে পেসারদের কী করতে হবে, সেই টোটকাও দিয়ে রেখেছেন তারেক আজিজ। বলেন, ‘বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে পেসাররা যদি রিভার্স সুইপ করাতে পারে সেটাও কার্যকর হতে পারে। নতুন বলে সর্বোচ্চ সুবিধা নিতে পারলে সেটা আমাদের জন্য ভালো হবে।’

তীব্র গরমে পেসারদের জন্য বোলিং করাটা কষ্টকর হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই তার পরামর্শ বেশি পেসনির্ভর না হওয়ার, ‘এখানে পেসাররা অনেক বেশি ঘামবে। ওরা বল করার জন্য যথেষ্ট শক্তিও পাবে না।’ এমনকি পেসাররা তীব্র গরমে পড়তে পারেন নতুন ইনজুরিতে। সেটা মনে করিয়ে তারেক আজিজের ভাষ্য, ‘যে গরম তাতে পেসাররা স্বাভাবিকভাবেই ইনজুরির শঙ্কায় থাকবে।’

ইনজুরি কাটিয়ে আফগানদের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের অপেক্ষায় পেসার তাসকিন আহমেদ। গরমের কারণে তাসকিনকে খেলানো হবে কি না সেটা নিয়েও সন্দেহ তার। তার ইনজুরির কথা বিবেচনায় রেখেই তরুণ মুশফিক হাসানকে নেওয়া হয়েছে বলেও মনে করেন। তারেক বলেন, ‘এই গরমে মনে হয় না তাসকিনকে খেলাবে। এই জন্যই বোধহয় মুশিফককে নেওয়া হয়েছে।’ মুশফিক ভালো করবেন বলেও আত্মবিশ্বাসী, ‘মুশফিক ভালো করতে পারবে। ও বেশ শক্তি-সামর্থ্যবান।’ গরমের কথা বিবেচনায় রেখে দলে অতিরিক্ত পেসার নেওয়া হয়েছে সেটা অবশ্য আগেই ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গরম হোক কিংবা তীব্র শীত, পেশাদারত্বের জায়গা থেকে ক্রিকেটারদের সামনে সুযোগ নেই অজুহাত দাঁড় করানোর। তবে এই ধরনের কন্ডিশনে দিনশেষে স্পিনারদের ওপরই নির্ভর করতে হবে সেটা মনে করিয়ে দেন তারেক আজিজ, ‘ক্রিকেটারদের সামনে শীত-গরমের অভিযোগ তোলার সুযোগ নেই। তারা পেশাদার ক্রিকেটার। তবে এই ধরনের উইকেটে স্পিনারদের আধিপত্য থাকবে, সেটা নিয়ে সন্দেহ নেই।’ 

তারেক আজিজের সঙ্গে একমত আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তার পরামর্শ- সম্ভব হলে ব্যাটিংসহায়ক উইকেট বানানোর। এই নিয়ে তিনি বলেন, ‘গরম দুই দলের জন্য সমস্যার। এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। এই ধরনের উইকেটে স্পিনারদের আধিপত্য থাকবে তাতে সন্দেহ নেই।’ তার পরামর্শ উইকেটে ঘাস রেখে ব্যাটিংসহায়ক উইকেট বানানো। আশরাফুল বলেন, ‘উইকেটে ঘাস রাখার দুইটা সুবিধা হবে। উইকেটে ব্যাটারদের সুবিধা হবে। স্পিনাররা বল টার্ন করাতে পারবে না।’ স্পিনারদের জন্য উইকেটে কেন সুবিধা রাখা যাবে না, সেই ব্যাখ্যায় বলেন- ‘এটা নিয়ে সন্দেহ নেই আফগানিস্তানের স্পিনাররা আমাদের চেয়ে ভালো।’

পেসারদের ওপর ভরসা রাখার বিষয়ে বলেন, ‘গরমের কারণে পেসারদের জন্য ভালো করা কঠিন। ঘাস থাকলে ওরা ভালো করতে পারবে।’ তীব্র গরমের এই সময়ে শেষ পর্যন্ত কাদের ওপর ভরসা করবে টিম ম্যানেজমেন্ট সেটা জানতে অপেক্ষাটা আরও কয়েক দিনের। তবে গরমের কারণে ম্যাচ খেলা সবার জন্য কঠিন হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের আগে ১০ জুন ঢাকায় আসার কথা রয়েছে আফগানদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা