প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ০০:১১ এএম
পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত, অন্যদিকে পাকিস্তান চাচ্ছে নিজ দেশে এশিয়ার শ্রেষ্ঠত্ব আয়োজনের। কিন্তু বাগড়া দিয়ে বসেছে বিসিসিআই। রোহিত-কোহলিদের পাকিস্তানে আনতে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি।
কিন্তু সেটাও নাকচ করে দিয়েছে ভারত। মূলত গরমের ইস্যুতে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আসরটি দুবাইয়ে হোক সেটি চায়নি বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ এশিয়ার অন্য দেশগুলোও। তাতেই চটেছেন শহীদ আফ্রিদি। তার মতে, আনফিট খেলোয়াড়রাই গরমের অজুহাত দেয়।
এশিয়া কাপের ভাগ্য যখন দুলছে তখন আফ্রিদি কথা তুলেছেন গরমের অজুহাত যারা দিয়েছেন তাদের খেলোয়াড়দের নিয়ে। আফ্রিদি বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের আবহাওয়ার ওপর নির্ভর হলে চলে না। শারজায় সকাল ১০টায় ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের কাছাকাছি যাওয়ার সময় খুব ক্লান্ত লেগেছিল। খুব গরম ছিল তখন। এমনটা হবেই। একই সঙ্গে তাতে আপনার ফিটনেস লেভেল কেমন তা বোঝা যাবে। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেওয়াই যায়।’
পাকিস্তানের বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘৫০ ওভারের ম্যাচ আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না, কারণ অনেক গরম সেখানে। আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমাদের ক্রিকেটারদের চোটের ব্যাপারে চিন্তাভাবনা করেই আমরা চাচ্ছিলাম না যে ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে।’
পাকিস্তান ও ভারতের মধ্যকার বৈরিতায় শেষ পর্যন্ত পিসিবি সিদ্ধান্ত নিতে পারে বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ ভারত বাদে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে। কিন্তু শক্তিশালী বোর্ড বিসিসিআই হয়তো মাথা নোয়াবে না। তাই এশিয়ার শ্রেষ্ঠত্ব কোথায় হতে পারে, সেই সিদ্ধান্ত আসছে এই সপ্তাহে। পেণ্ডুলামের মতো দুলতে থাকা এশিয়া কাপ তথা দুদেশের ক্রিকেটীয় ভাগ্যেরও বেশ বড়সড় সিদ্ধান্তের অপেক্ষা।
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে। তা না হলে দুলতে থাকা এশিয়া কাপ হয়তো মাঠের মুখও দেখবে না!