× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও মেসি-রোনালদো? হয়ে যাক শেষ ‘নাচ’!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ০৮:৪৮ এএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ০৮:৫৪ এএম

আবারও মেসি-রোনালদো? হয়ে যাক শেষ ‘নাচ’!

মাঠের বাইরে বন্ধুপ্রতিম না হলেও দুজনের সম্পর্কটা সম্মানের, প্রতিদ্বন্দ্বিতার; সে কথাও দুজনে মুখ ফুটে বলেছেন বহুবার। করেও দেখিয়েছেন বৈকি! গোলের জবাব গোলে, হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিকে, ব্যালন ডি’অরের জবাব এসেছে ব্যালন ডি’অরে। আর মাঠের মুখোমুখি লড়াইয়ে? মাঝরেখার এপাশে দাঁড়ানো লিওনেল মেসি, ওপাশে ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় ২০ বছর ছুঁইছুঁই ক্যারিয়ারে দুজনে ওভাবে দাঁড়িয়েছেন বহুবার। তবে মাঠে সে দ্বৈরথের দেখা মেলা বন্ধ হয়ে গিয়েছিল রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই। ফি-বছর যেখানে কম করে হলেও দুবার দুজনের লড়াইটা দেখার সৌভাগ্য হতো ফুটবল ভক্তদের, সে সৌভাগ্যটা গেল হাওয়ায় মিলিয়ে। তবে সেটা আবার ফিরল বলে! মেসি-রোনালদোর মাঠের দ্বৈরথ যে ফিরি ফিরি করছে!

আরও পড়ুন : গোলপোস্টের অতন্দ্র প্রহরী হারছেন জীবনযুদ্ধের ম্যাচে

ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপীয় ফুটবল পরিমণ্ডলে কাটিয়েছেন প্রায় ২০ বছর। ক্যারিয়ার-সায়াহ্নে ইউরোপ অধ্যায় চুকিয়ে গেল জানুয়ারিতে এসে পা রেখেছেন এশিয়ায়, সৌদি আরবে; আল নাসরের হয়ে এশিয়ান ফুটবল রাঙাচ্ছেন এখন।

আর মেসি? দুই বছর আগে বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কটা শেষ হয়েছে তার। এরপর গন্তব্য হয়েছে পিএসজি, সে সম্পর্কটাও কাগজকলমে শেষ হতে আর বাকি ২৫ দিনের মতো। ফলে মেসি কোথায় যাবেন, সে বিষয়টা এখন ইউরোপীয় গণমাধ্যমেও আলাপের খোরাক জোগান দিচ্ছে বেশ। ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, মেসির সামনে পথ খোলা আছে বার্সেলোনায় ফেরার। ইউরোপীয় দলবদলের খবরের বিশ্বাসযোগ্য উৎস ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, তাকে পেতে ইউরোপীয় দলগুলোও কোমর বেঁধে নামছে মাঠে। 

তবে পিলে চমকে যাওয়ার মতো খবরটা জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম। সৌদি গ্যাজেটের খবর, সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আগামী ৩৬ ঘণ্টার মধ্যেই উড়াল দেবেন রিয়াদের উদ্দেশে। হেতু? আর কী, আল হিলালের সঙ্গে চুক্তির চূড়ান্ত কাজটুকু সেরে ঘোষণাটা দেওয়ার জন্য! খবরটা অবশ্য নতুন কিছু নয়। মাসখানেক আগে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, সৌদি ক্লাবের সঙ্গে তার কথা অনেকটাই পাকা, সেখানে যোগ দেবেন তিনি ফি-বছর ৪০ কোটি ইউরোর চুক্তিতে। সৌদি গ্যাজেটের কথাটাও বদলে যায়নি, টাকার অঙ্কটা একই আছে। সেটা হলে মেসি আরও একবার টেক্কা দেবেন রোনালদোকে। পর্তুগিজ তারকা যে এখানে প্রতিবছর আয় করেন ২০ কোটি ইউরো!

তবে সে চুক্তির আগে মেসি সময় নিচ্ছেন। তার প্রাণের ক্লাব বার্সেলোনার ডাক আসে যদি! বার্সা এখনও তাকে দলে ভেড়ানোর প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে দেয়নি। তাদের পথ আগলে রেখেছে লা লিগার স্যালারি ক্যাপ আইন। যেকোনো খেলোয়াড়কে দলে আনতে হলে আগে তাদের বেতনবহি থেকে কম করে হলেও ২০ কোটি ইউরো ছেঁটে ফেলতে হবে। সার্জিও বুসকেটস, জর্দি আলবাদের বিদায়ের ফলে অনেকটাই ফাঁকা হয়েছে তা। তবে পূর্ণ মাত্রাটা বার্সেলোনা ছুঁতে পারেনি এখনও। তবু বার্সেলোনা একটা ‘কার্যকরী পরিকল্পনা’ জমা দিয়েছে লা লিগা কর্তৃপক্ষের কাছে, যদি অনুমোদন আসে, তবেই মিলবে মেসিকে ফেরানোর সবুজসংকেত। 

তবে সেটা হবে কি না, তা নিয়েও আছে শঙ্কা। যার ফলে মেসির আল হিলাল-যাত্রাটাকেই অবশ্যম্ভাবী ধরে নিচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যম। সৌদি গ্যাজেটের খবরটা যেন প্রতিপাদন করল সেটাকেই। 

সেটা হলে দারুণ আরেক রোমাঞ্চ হাতছানি দিয়ে ডাকবে ফুটবলপ্রেমীদের, মেসি আর রোনালদোকে আবারও একই লিগে, একই মাঠে দেখার রোমাঞ্চ। রোনালদো জানিয়ে দিয়েছেন, সৌদিতেই থাকছেন তিনি। মেসি আল হিলালে যোগ দিলে আল নাসর-আল হিলাল দ্বৈরথ রূপ নেবে নতুন এল ক্লাসিকোতে। একই লিগে থাকার কারণে দ্বৈরথটাও হবে প্রত্যক্ষ দ্বৈরথ, ফি-বছর অন্তত দুবার দেখা হওয়ার নিশ্চয়তা তো থাকছেই! ইউরোপের বাইরে চলে আসায় এখন আর ব্যালন ডি’অরে লড়াইটা হয়তো হবে না আর, কিন্তু গোলের জবাব গোলে, রেকর্ডের জবাব রেকর্ডে যে হবে, তা একরকম নিশ্চিত। যেমন নিশ্চিত মরুর বুকে নক্ষত্রের রাতের দেখা মেলাটাও!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা