প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৫:৫৮ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৩ ১৬:০০ পিএম
২০২১ সালে যখন বার্সা ছেড়ে প্যারিসে পা রাখেন লিওনেল মেসি, গোটা প্যারিস তখন উৎসবের নগরী। বিদায় বেলায় হয়তো তেমন কিছু আশাও করেননি আর্জেন্টাইন মহাতারকা। এতদিনে মেসি বুঝে গেছেন কাতালানদের মতো কেউ তার যাওয়ার রাস্তা রোধ করে বসে নেই।
আরও পড়ুন : মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি
তবে নিশ্চয় এমন বিদায়ও কামনা করেননি তিনি। সে কারণেই হয়তো ম্যাচ শুরুর আগে তিন সন্তান নিয়ে হাজির হয়েছিলেন পিএসজি অধ্যায়ের ইতি টানতে। স্বাভাবিকই ছিল পরিস্থিতি। কিন্তু যখনই স্টেডিয়ামের লাউড স্পিকারে একাদশ ঘোষণার সময় উচ্চারিত হলো মেসির নাম, শোনা গেল দুয়ো।
সেই দুয়ো আরও কয়েকবার শোনা যায় মেসি সুযোগ হাতছাড়া করার পর। এমন দিনে মেসির শেষটাও হয়েছে হার দিয়ে। শনিবার ক্লেয়ারমন্ট ফুটের বিপক্ষে ৩-২ গোলে হেরে মৌসুম শেষ করেছে পিএসজি।
সবশেষ ম্যাচগুলোতে মাঠে নামলেই দুয়ো শুনতে হচ্ছিল মেসিকে। এ ম্যাচেও তার ব্যত্যয় হয়নি। অথচ এদিন মেসিকে বিদায় জানাতে মাঠে হাজির হয়েছিলেন চোটে জর্জরিত ব্রাজিলিয়ান তারকা নেইমার। ভেবেছিলেন হয়তো শেষ বেলায় তার জন্য হাহাকার করে উঠবে পিএসজি সমর্থকদের মন। হয়নি সেটি। মেসিও তাই ম্যাচ শেষ হতেই মলিন মুখে মাঠ ছেড়েছেন। যেন পালাতে পারলেই বাঁচেন তিনি।
অথচ গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ছাড়া দুটি লিগ শিরোপা ও একটি ফরাসি কাপ জিতেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৩২টি, গোলে সহায়তা ছিল ৩৫টি। তবে এতে যে মোটেও সন্তুষ্ট নয় দলটির সমর্থকরা, সেটি শেষ বেলায়ও বুঝিয়ে দিয়েছে তারা।
তবে বিদায়ের আগে ঠিকই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী। বলেন, ‘গত দুটি বছরের জন্য এই ক্লাব, প্যারিস শহর ও এই শহরের মানুষদের ধন্যবাদ জানাই। সবাইকে জানাই ভবিষ্যতের জন্য শুভকামনা। পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি। এই দলে খেলে এবং দারুণ সব ফুটবলারকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ উপভোগ করেছি। প্যারিসে চমৎকার অভিজ্ঞতার জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা।’