ব্যাটিং, বোলিং, কিপিং না করেও টেস্ট জয়
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২২:৩৭ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৩ ২২:৪১ পিএম
হাঁটুর চোট অনেক দিন ধরেই জ্বালিয়ে মারছে বেন স্টোকসকে। ইনজুরির কারণেই আইপিএল মিশন শেষ তার মাত্র দুই ম্যাচে। ব্যাটিং-বোলিং কোনোটাতেই জ্বলে উঠতে পারেননি। ইংলিশ তারকা অলরাউন্ডার দেখাতে পারেননি নিজের চেনা রূপ।
আরও পড়ুন : আফগানদের হারিয়ে সিরিজ সমতায় লঙ্কানরা
এ কারণে অ্যাশেজ সিরিজে বোলিং করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বোলিং করেননি। আর ব্যাটিংটা তাকে করতে হয়নি দলের টপঅর্ডার ব্যাটারদের দাপটের কারণে।
সে সুবাদেই লাল বলের ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়ে ফেলেছেন স্টোকস। ব্যাটিং, বোলিং বা উইকেটকিপিং না করেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের রেকর্ড গড়লেন তিনি। টেস্ট ইতিহাসের প্রথম ক্যাপ্টেন হিসেবে নতুন এই মাইলফলকে নাম লিখিয়েছেন স্টোকস।
লর্ডস টেস্টে তিনি ছিলেন শুধু ফিল্ডার আর অধিনায়ক হিসেবে। তাতেই তার অ্যাকাউন্টে যাচ্ছে ১৬ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ২১ লাখ ৪৫ হাজার টাকা।
টেস্টে স্টোকস সাধারণত ব্যাটিং করেন ছয় বা সাতে। কিন্তু আইরিশদের বিপক্ষে ১০ উইকেটে জয়ের ম্যাচে ব্যাটিং অর্ডারের এত নিচের ব্যাটারদের মাঠেই নামতে হয়নি। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ১৭২ রানে। জবাবে ডাবল সেঞ্চুরি হাঁকান ওলি পোপ (২০৫)।
সেঞ্চুরি পান বেন ডাকেট (১৮২)। দুজনের ব্যাটিং ঝলকে প্রথম ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেটে তুলে ফেলে ৫২৪ রান। চার নম্বর ব্যাটার পোপ সাজঘরে ফিরলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আর কোনো ব্যাটারকে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি। স্টোকসের সামনে ব্যাটিংয়ের সুযোগটাই আসেনি।
অ্যান্ডি ম্যাকব্রিন (৮৬*) ও মার্ক অ্যাডায়ারের (৮৮) দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ৩২৬ রানের পুঁজি গড়ে। অভিষিক্ত জশ টাং পাঁচ উইকেট নেওয়ায় লিড দাঁড়ায় মাত্র ১০ রানের।
দ্বিতীয় ইনিংসে ১১ রানের লক্ষ্যে মাঠে নেমে ইংলিশরা তুলে ফেলে ১২ রান। কিন্তু এজন্য খরচ হয় মাত্র ৪ বল। যেখানে উদ্বোধনী জুটিতেই কাজ শেষ হয়ে যায়, সেখানে স্টোকসের আর সুযোগ কোথায়?
টেস্টের তৃতীয় দিনে কার্টিস ক্যাম্ফারের ক্যাচ নেন স্টোকস। তাতেই পুরোনো চোট মাথাচাড়া দিয়ে ওঠে ফের। এ কারণে মাঠের লড়াইয়ে ছোটাছুটি কমিয়ে দেন। ক্যাচ ধরতে গিয়ে বাজেভাবে পড়ে যাওয়ায় ব্যথা অনুভব করেন। ম্যাচ শেষে সেটা স্বীকারও করেন। ফলে অ্যাশেজে স্টোকসের বোলিং না করার সম্ভাবনা আরও একটু বাড়ল বৈকি!
তবে ভক্ত-সমর্থকদের অভয় দিয়ে রেখেছেন স্টোকস, ‘বোলিং করেছি। ভারত থেকে ফেরার পর প্রথমবার। প্রায় চার সপ্তাহের বিরতি শেষে বোলিং করেছি। যেভাবে বোলিং করেছি, তাতে আমি সন্তুষ্ট। মিনিট ২০ বোলিং করেছি। কোনো ঝামেলা হয়নি। এ কারণে চিন্তার কোনো কারণ দেখছি না।’