প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২২:১৩ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৩ ২২:২১ পিএম
হাম্বানটোটায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলেছিল আফগানিস্তান। আজ রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চেয়েছিল হাশমতউল্লাহ শাহিদির দল।
আরও পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিপদে অস্ট্রেলিয়া
তবে সেটি হতে দেয়নি দাসুন শানাকার দল। ১৩২ রানের বড় জয়ে সিরিজে ফিরেছে লঙ্কানরা। সেই সঙ্গে বাঁচিয়ে রেখেছে সিরিজ জয়ের স্বপ্ন। আগামী ৭ জুন একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
সিরিজে ফেরার ম্যাচে আগে ব্যাট করতে নেমে সফরকারী আফগানদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন লঙ্কানদের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৫৬ বলে ৪৩ রান করে নিশাঙ্কা ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন করুনারত্নে। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে লঙ্কানদের বড় লক্ষ্যের পথে রাখেন সাদেরা সামাবিক্রমা।
৪৬ বলে ৪৪ করে সামাবিক্রমা ফিরলেও বলের সঙ্গে পালা দিয়ে রান তুলেছেন মেন্ডিস। ৭৫ বলে ৭৮ রানে তিনি থামলে শেষদিকে দ্রুত ব্যাট চালান ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা ও ভানিডু হাসারাঙ্গা। তাদের মাঝারি মানের ক্যামিওতে ৬ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৩২৩ রান জমা করে লঙ্কানরা।
জবাবে দলীয় ১১ রানেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে হারায় সফরকারীরা। এরপর রহমত শাহকে নিয়ে ইব্রাহিম জাদরান টানলেও বেশিদূর যেতে পারেননি। তাকে থামতে হয় ৫৪ রানে। আশার পাল উড়িয়ে ছিলেন হাশমতউল্লাহ শাহিদিও। তবে ৫৭ রানে থামতে হয়েছে তাকেও। এরপর বাকিরা প্রতিরোধ গড়তে না পারলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের মিডল ও লোয়ার অর্ডার।
৪২.১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তাতে ১৩২ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতা টানে লঙ্কানরা। লঙ্কান বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৩২৩/৬, ৫০ ওভার (নিশাঙ্কা ৪৩, করুনারত্নে ৫২, মেন্ডিস ৭৮, সামাবিক্রমা ৪৪, ধনঞ্জয়া ২৯*; ফরিদ ২/৬১, নবী ২/৫২)
আফগানিস্তান : ১৯১, ৪২.১ ওভার (ইব্রাহিম ৫৪, রহমত ৩৬, হাশমতউল্লাহ ৫৭; হাসারাঙ্গা ৩/৪২, ধনঞ্জয়া ৩/৩৯, চামিরা ২/১৮)
ফল : শ্রীলঙ্কা ১৩২ রানে জয়ী