× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনায় যাচ্ছেন বাংলাদেশের স্বাধীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ২০:১৬ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ২০:১৭ পিএম

আর্জেন্টিনায় যাচ্ছেন বাংলাদেশের স্বাধীন

আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো ভিলা সান কার্লোস ক্লাবের আমন্ত্রণ পেয়েছেন যশোরের শামস উল হুদা একাডেমির তরুণ ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন। আগামী আগস্টে ক্লাবটিতে অনুশীলনের জন্য যোগ দিচ্ছেন তিনি। 

আরও পড়ুন - প্রতিশোধ নেওয়ার সঠিক সময় এটিই: আকরাম খান

আর্জেন্টাইন এই তৃতীয় বিভাগের দলে তাকে যাওয়ার সুযোগটা মূলত করে দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফিটনেস ট্রেনার এরিয়েল কোলম্যান। ২০২২ অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে খেলেছিলেন শামস উল হুদা একাডেমির খেলোয়াড় স্বাধীন, শেখ জামালকে জিতিয়েছিলেন শিরোপাও। সেখানে কোলম্যানের নজরে আসেন ক্লাবটির তরুণ কিছু ফুটবলার। 

যশোরের এই ক্লাবে ছুটে যান তিনি। সেখান থেকে স্বাধীনের ভিডিও তিনি পাঠান সান কার্লোসে। একাডেমির কোচ কাজী মারুফ জানান, ‘এরিয়েল কোলম্যান ক্লাবে এসে নিজে তিন দিন অনুশীলন করান খেলোয়াড়দের। এরপর তিনি আমাদের জানান, এখানে তো আর্জেন্টিনায় খেলার মতো বেশকিছু ফুটবলার আছে। তাদের যদি আর্জেন্টিনায় পাঠানোর ব্যবস্থা করি, তাহলে কি আপনারা ছাড়পত্র দেবেন? আমাদের সংগঠনও তাতে সম্মতি জানায়।’

এরপরই সান কার্লোস স্বাধীনকে অনুশীলনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। যেখানে বলা হয়, আগামী ১৫ আগস্টের মধ্যে তাকে যোগ দিতে হবে ক্লাবে।

সব খরচ আর্জেন্টাইন ক্লাবই বহন করবে। শুধু প্লেন ভাড়াটা জোগাড়ের দায়িত্ব পড়েছে স্বাধীনের কাঁধে। তবে তার সে খরচ বহন করবেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, যিনি শামস উল হুদা একাডেমিরও পৃষ্ঠপোষক। যে কারণে আর্জেন্টিনায় যাওয়ার পথে আর কোনো বাধা নেই স্বাধীনের।

আর্জেন্টিনার ক্লাব থেকে ডাক পাওয়া স্বাধীন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তিনি বলছেন, ‘আমার কাছে পুরো বিষয়টা স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি নিজে ছোটবেলা থেকে আর্জেন্টিনা আর লিওনেল মেসির ভক্ত। আর্জেন্টিনায় আমি ফুটবল অনুশীলন করতে যাব, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’

শামস উল হুদা একাডেমি থেকে খেলোয়াড়দের বিদেশে যাওয়া অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন প্রকল্পের অধীনে একাধিক ফুটবলার অনুশীলন করেছেন দেশের বাইরে। তারই পথ ধরে এবার স্বাধীন যাচ্ছেন আর্জেন্টিনায়। এর ফলে আরও বেশি খেলোয়াড়ের দেশের বাইরে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন একাডেমির কোচ মারুফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা