প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৯:৫৬ পিএম
আপডেট : ৩১ মে ২০২৩ ২০:০৬ পিএম
আসছে মাসেই শেষ হচ্ছে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি। ফরাসি ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার নতুন কোনো চুক্তিও আপাতত হচ্ছে না। অন্তত এমনটিই ইঙ্গিত। তাই পিএসজির ফরোয়ার্ডের সম্ভাব্য গন্তব্য নিয়েও গরম হয়ে উঠেছে দলবদলের বাজার। তালিকায় আগে থেকেই আছে তিনটি নাম—মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল এবং বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানো। এই তালিকায় না থেকেও চতুর্থ নম্বরে বেশ আটোসাটো হয়ে আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি।
অবশ্য সবচেয়ে বেশি ঘুরছে আল-হিলালের নাম। ফুটবল সাময়িকী ফোরফোরটু দাবি করেছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক আল-হিলালের ১০০ কোটি পাউন্ডের চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। টিভি ডেলে স্পোর্টসের সাংবাদিক রুডি গ্যালেত্তি বলে দিয়েছেন মেসি সৌদিতেই যাচ্ছেন। তাও চোখ কপালে ওঠার মতো অর্থে। ফক্স স্পোর্টস গ্যালেত্তির বরাতে জানিয়েছে, বছরে ৫০০ মিলিয়ন ডলারে ফ্রান্স ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মেসি। তবে কত বছরের জন্য সেখানে যাচ্ছেন, তা জানাননি গ্যালেত্তি।
আরও পড়ুন: সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে পাকিস্তান
মেসিকে নিয়ে অবশ্য নানামুখী খবর দলবদলের বাজারে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে আবার জানিয়েছে, মেসিকে দলে নিতে বার্সেলোনা আসলে ইন্টার মিয়ামির সঙ্গে একটা কনসোর্টিয়ামে যেতে চাচ্ছে। মেসির প্রত্যাবর্তনে মুখিয়ে থাকা জাভি হার্নান্দেজের ইচ্ছা হলো, মেসিকে ইন্টার মিয়ামি ফ্রি এজেন্ট হিসেবে সই করাবে, কিন্তু তারা তাকে বার্সেলোনায় পাঠিয়ে দেবে, ধারে। সেই আশা অবশ্য বার্সা খুব বেশি করতেও পারছে না। সবই দোদুল্যমান অবস্থা।