প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ২৩:০৬ পিএম
আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওই ম্যাচে ভারত দলে ডাক পেয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। এই ম্যাচের আগে আগামী ৩ জুন বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে তার।
আরও পড়ুন : ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শক্তিশালী দল
বিয়ে উপলক্ষে বিসিসিআইয়ের কাছে তিনি ছুটির আবেদন করেছেন। সেই ছুটি মঞ্জুর হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা হবে না তার।
গায়কোয়াড়ের বদলি হিসেবে আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে ডেকেছে বিসিসিআই। ইতোমধ্যেই ইংল্যান্ডের ভিসা পেয়েছেন এই ওপেনার। দ্রুতই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই তরুণ। রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে ১৪ ইনিংসে ৬২৫ রান করেছেন। টি-টোয়েন্টি নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও ফর্ম তার পক্ষেই কথা বলছে। ১৫ ম্যাচে ৮০.২১ গড়ে নয় সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে তার রান ১৮৪৫।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছিল ভারত। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চায়। তাই আগেভাগে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে ভারতীয় দলের একাংশ।
ভিসা পাওয়ায় দ্রুতই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিবেন জয়সওয়াল। দলের বাকি সদস্যরা ছিলেন আইপিএলের পর্দা নামার অপেক্ষায়। গতকাল আইপিএলের পর্দা নেমেছে। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বাকি ক্রিকেটাররা।