প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ২০:৩৭ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ২২:০১ পিএম
দুরন্ত ফর্মে রয়েছেন শুভমান গিল। দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন আইপিএলে। ফাইনালেও মিলছিল তারও ব্যাটিং ঝলক। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে আর বেশি দূর আগাতে পারলেন না। ২০ বল খেলে ৩৯ রান নিয়েই সাজঘরে ফিরে গেছেন তারকা এ ওপেনার। তবে রবীন্দ্র জাদেজার ঘূর্ণি জাদুতে আউট হওয়ার আগেই হাঁকিয়েছেন ৭টি বাউন্ডারি। তাকে স্টাম্পিং করেন এমএস ধোনি।
আরও পড়ুন - ফাইনালে টস জিতে বোলিংয়ে চেন্নাই
তার আগেও সুযোগ এসেছিল গিলকে ফেরানোর। কিন্তু দেশপান্ডের করা চতুর্থ ওভারের শেষ বলে স্কয়ার লেগে তার ক্যাচ ফেলে দেন দীপক চাহার। নিজের করা পরের ওভারের প্রথম বলেই ঋদ্ধিমানের ক্যাচও ফেলে দেন চাহার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে গুজরাটের সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেট হারিয়ে ৭২ রান। গিলের ওপেনিং পার্টনার ঋদ্ধিমান সাহা ৩১ রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন সাই সুদর্শন (২)।
তার আগে আইপিএলের ফাইনালে টস ভাগ্য কথা বলেছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির পক্ষে। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসের বিপক্ষে টস জিতেই বোলিং বেছে নেন তিনি। আগের দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। শিরোপা নির্ধারণী ম্যাচটি হচ্ছে রিজার্ভ ডে’তে।
প্রকৃতির বাগড়ায় আহমেদাবাদের উইকেট দীর্ঘ সময় ধরে কাভারে ঢাকা ছিল। ক্রিজে ময়েশ্চার থাকতে পারে। এ জন্য শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করা বেশির ভাগ দলেরই জয়ের রেকর্ড রয়েছে।
রবিবার হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল। কিন্তু বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংসের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রকৃতির বাধায় ফাইনাল ম্যাচ হচ্ছে আজ রিজার্ভ ডে’তে।