প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১২:৪৮ পিএম
আগামী অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টে কেমন হতে পারে দল? কিংবা ক্রিকেটারদের ব্যক্তিগত লক্ষ্য কী? বারবারই এমন প্রশ্ন ঘুরেফিরে আসে। লিটন দাসের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সংবাদমাধ্যমের বিশ্বকাপ নিয়ে প্রশ্নে তার উত্তর ছিল, ‘বিশ্বকাপ এখনও দেরি আছে।’
আরও পড়ুন : বদলে যাওয়া মোহামেডানের শেষ বাধা আবাহনী
বিশ্বকাপের আগে লিটনের বেশি মনোযোগ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ওই লক্ষ্যেই আপাতত এগিয়ে যেতে চান। বিশ্বকাপে নিজের লক্ষ্যের পাশাপাশি তার খারাপ ছন্দের কথাও উঠে এসেছিল। রান করতে না পারা নিয়ে চিন্তাভাবনা নেই লিটনের মধ্যে। নিজের প্রস্তুতি ঠিকঠাক চালিয়ে যেতে চান।
গতকাল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে লিটন কথা বলেন। সেখানে তার দিকে ছুটে আসে বিশ্বকাপকেন্দ্রিক প্রশ্ন। বিশ্বকাপ দেরি আছে, ওই অজুহাতে প্রশ্ন এড়িয়ে যান। আপাতত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দিকে তার নজর।
লিটন বলেন, ‘বিশ্বকাপ এখনও দেরি আছে। ২৯ মে থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। দেখা যাক, আগে ওটা শুরু করি।’ আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচের কথা এলে ফিরে আসে ২০১৯ সালের স্মৃতি। আফগানদের বিপক্ষে লাল বলের ওই একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার আফগানদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিততে পারেনি। অন্যবারের মতো এবারও জয়ের লক্ষ্যেই আফগানদের বিপক্ষে মাঠে নামতে চান লিটন, ‘ম্যাচ খেলি জেতার জন্যই। সব সময় জেতার লক্ষ্যই থাকবে।’
আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, আইপিএল ও ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বলার মতো কোনো কিছুই করতে পারেননি লিটন। রান করতে না পারা লিটন কি ফুরিয়ে যাওয়ার আভাস দিচ্ছেন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এই উইকেটরক্ষক ব্যাটার অবশ্য এইসব নিয়ে চিন্তা করছেন না।
বরং নিজের প্রস্তুতি ঠিক রাখতে বেশি মনোযোগী। এই নিয়ে লিটন বলেন, ‘আপনি প্রতিদিন ক্রিকেটে ভালো খেলতে পারবেন না। ভালো খেলবেন, খারাপ খেলবেন। আমি আসলে ওভাবে চিন্তিত নই। অনুশীলন করব, দেখা যাক কী হয়।’
এখন কিছুটা ছন্দহীন হলেও গত বছর তার ব্যাটে ছিল রান ফোয়ারা। তিন ফরম্যাটে করেছেন মোট ১৯২১ রান। বাংলাদেশের পক্ষে এটাই ছিল সর্বোচ্চ রান। সাদা পোশাকে ১০ ম্যাচে ৫৭.৬৭ গড়ে করেছেন ৮০০ রান। ওয়ানডেতে ১৩ ম্যাচে ৫২.৪৫ গড়ে ৫৭৭ ও টি-টোয়েন্টিতে ২৮.৬৩ গড়ে ৫৪৪ রান করেছিলেন।
ওই পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার নিজের করে নেন লিটন দাস। পুরস্কার পেয়ে লিটন বলেন, ‘ভালো লাগছে। যদি এ রকম নিয়মিত পাই বা যারা ভালো পারফর্ম করবে তারা পায়, তাহলে তারা ভালো করতে আগ্রহ প্রকাশ করবে।’