প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১২:১৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১২:৩২ পিএম
কেউ কেউ বলছেন, ‘অগণতান্ত্রিকতার চূড়ান্ত নিদর্শন’, কারও মতে, ‘দেশের কালো দিন’। ভারতের যন্তর মন্তরে রবিবার পুলিশ দ্বারা কুস্তিগিরদের হেনস্থার ঘটনায় ফুঁসছে পুরো ভারত। একদিকে বিশাল দালানের নতুন সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে, অন্যদিকে দেশের জন্য সোনা-রুপার পদক জিতে আনা খেলোয়াড়দের টেনে-হিঁচড়ে প্রিজনভ্যানে তোলা হচ্ছে। পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে লড়ার হুমকি ছুড়েছেন সাক্ষী মালিক। অলিম্পিকে পদক জেতা কুস্তিগির বলেছেন, বিদেশে যেমন রেসলিং রিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করি, এখানে অন্যায়কারীদেরও পরাস্ত করব।
রবিবার যন্তর মন্তরে যেখানে তাঁবু খাটিয়ে কুস্তিগিররা প্রতিবাদ করছিলেন, সেসব সরিয়ে দিয়েছে পুলিশ এবং আইনশৃঙ্খলা লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াসহ আন্দোলনকারী কুস্তিগিরদের আটকও করেছিল দিল্লি পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ছাড়া পেয়ে টুইটারে একটি ভিডিও দিয়েছেন সাক্ষী। ভিডিওটির ওপরের অংশে আছে অলিম্পিকে পদক নেওয়ার দৃশ্য, নিচের অংশে দিল্লি পুলিশের বর্বরতা। প্রত্যয়ী সাক্ষী ক্যাপশনে লিখেছেন, ‘রেসলিংয়ে লড়তে গিয়ে কখনও ভাবিনি যে একদিন রাস্তায় ন্যায়বিচারের জন্য এভাবে লড়ব... দেশের মেয়েরা অনেক শক্তিশালী, তারা যেহেতু বিদেশে গিয়ে মেডেল জিততে পারে তারা এই বিচারের লড়াই নিজ দেশেও চালিয়ে যাবে এবং জয় পেলেই তারা থামবে।’
আরও পড়ুন : আন্দোলনরত কুস্তিগিরদের বিরুদ্ধে মামলা, উঠছে প্রতিবাদের ঝড়
রবিবার যৌন হেনস্থায় অভিযুক্ত রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংকে গ্রেপ্তারের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করার চেষ্টা করছিলেন কুস্তিগিররা। যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার সময় দিল্লি পুলিশ তাদের পথ আটকে দেয়। এ সময় তাদের মাঝে ধাক্কাধাক্কি হলে পুলিশ কুস্তিগিরদের গ্রেপ্তার করে।