× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হারানোর কিছু নেই’ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৭:২৮ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৭:৩০ পিএম

‘হারানোর কিছু নেই’ বাংলাদেশের

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ আর মালয়েশিয়া, দুই দলই শুরুটা করেছে জয় দিয়ে। তবে দুই দলের জয়ের ব্যবধানটাই জানান দিচ্ছে দল দুটোর শক্তি-সামর্থ্যের ফারাকটা। মালয়েশিয়া যেখানে উজবেকিস্তানকে হারিয়েছে ৮-১ ব্যবধানে, সেখানে বাংলাদেশ স্বাগতিক ওমানকে কষ্টে-সৃষ্টে হারিয়েছে ২-০ ব্যবধানে। আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় সেই মালয়েশিয়ারই মুখোমুখি বাংলাদেশ। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে কোচ মামুনুর রশীদ জানালেন, এ ম্যাচে দলের হারানোর মতো কিছু আছে সামান্যই।

আরও পড়ুন - মহারণের আগে ‘সিরিয়াস’ আবাহনী-মোহামেডান

বলাটাই স্বাভাবিক। দুই দলের র‍্যাঙ্কিংটাই দেখুন, মালয়েশিয়া আছে তালিকার সেরা দশে (১০) আর বাংলাদেশের অবস্থান ২৯-এ। দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৫ সালে। আট বছর আগে এই জুনিয়র এশিয়া কাপেরই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮-০ ব্যবধানে। সঙ্গে যোগ করুন দল দুটোর সাম্প্রতিক পারফরম্যান্সকেও। সব কিছুর মিশেলে তাই বাংলাদেশের সম্ভাবনাটা ক্ষীণই।

কোচ মামুন একেই দেখছেন বড় করে। জানালেন, যেখানে হারানোর কিছু নেই, সে জায়গাটা তো হয়ে যায় স্রেফ অর্জনের মঞ্চই! দলেও সে মন্ত্রটাই ছড়িয়ে দিতে চাইলেন তিনি, ‘ছেলেরা ডরভয়হীন ম্যাচ খেলবে। আমি ওদের চাপমুক্ত থেকে মাঠে নামতে বলেছি। কারণ, মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে। সেই পাওয়াকে অর্জন করতেই কাল ছেলেরা মাঠে নামবে।’

এবারের এই আসরে বাংলাদেশ গিয়েছে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে। তার জন্য আগে নিশ্চিত করতে হবে সেমিফাইনাল। আজ মালয়েশিয়াকে রুখে দিতে পারলেও সে পথে বড় একটা ধাপই এগিয়ে যাবে দল। 

সে লক্ষ্য নিয়ে দফায় দফায় ভিডিও বিশ্লেষণ হচ্ছে প্রতিপক্ষের। ছক কষা হয়ে গেছে ম্যাচের পরিকল্পনারও। মামুন জানান, ‘মালয়েশিয়া শক্তিশালী দল। বাংলাদেশের মতো মালয়েশিয়াও জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে। ওরা ছোট ছোট পাসে খেলে। আমাদের পরিকল্পনা হলো ম্যাচে আক্রমণাত্মক খেলা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা