প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৩ ২১:০৪ পিএম
গতবারের আসরের মত টানটান উত্তেজনা হয়নি, দুই ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। তবুও যেন পেপ গার্দিওলা অতৃপ্ত। সিটিজেনদের কোচের চোখ স্রেফ ইউরোপ সেরা হওয়ার দিকে। সেকারণেই যেন তার শিষ্যদের লিগ শিরোপা উদযাপন করতে নিষেধ করে দিয়েছেন, ‘এখনও সময় আসেনি।’
ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নের বেশে ঢুকেছে সিটি, প্রতিপক্ষ চেলসি দিয়েছে গার্ড অব অনার। ডাগআউটে বেঞ্চে বসে খেলা দেখেছে ডি ব্রুইনা-হালান্ড সহ একঝাক তারকা। ঘরের মাঠে অবশ্য জয় দিয়েই আপাতত শিরোপা উৎসব সেরে রেখেছে ম্যানসিটি। শিরোপা উৎসব যে ইতিহাদে হতে যাচ্ছে তা আগে থেকেই নিশ্চিত ছিল। বাকি কাজটুকু শনিবার লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরে এগিয়ে রেখেছিল আর্সেনাল।
হারের বৃত্তে ঘোরা চেলসিকে ১-০ গোলে হারিয়ে শেষ তুলি টেনে দেন গার্দিওলা। তার অধীনে এনিয়ে টানা তিন ও ছয় বছরে পাঁচবার লিগে চ্যাম্পিয়ন হল সিটি। কিন্তু উচ্ছ্বাসটা ঠিক জমেনি।
আরও পড়ুন: ভিনির লাল কার্ড দেখা ম্যাচে রিয়ালের হার
কারণ, সিটিজেনদের বসের দৃষ্টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায়, গার্দিওলার চোখ বাকি দুটি ফাইনালে। আগামী ৩ জুন এফএ কাপের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামবে সিটি। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। আপাতত গার্দিওলার উদযাপন আটকে আছে সেখানেই, ‘খেলোয়াড়দের অবশ্যই উদযাপন করতে হবে। তবে ফাইনালগুলির জন্য মানসিকভাবে তাজা থাকতে হবে।’ শিরোপা ঘরে তুলে তৃপ্ত সিটি কোচের ভাবনায় ইউরোপ সেরার মঞ্চ, ‘৬ বছরে ৫ শিরোপা ধারণা করতেও পারিনি। অসাধারণ কিছু করেছি বলেই মনে হচ্ছে। তবে সর্বকালের সেরা দলগুলির একটি হতে হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। নাহলে অপূর্ণ রয়ে যাবে।’
আনকোরা দল নিয়ে খেললেও আধিপত্য দেখিয়েছে সিটি। ম্যাচের ১২ মিনিটে জুলিয়ান আলভারজের থেকে আসা গোলটিই হয়ে পড়ে জয়-পরাজয়ের নির্ধারক। ম্যাচ শেষে ম্যাচ শেষে সিটির হাতে তুলে দেওয়া হয় ট্রফি। ক্লাবের ইতিহাসে এটি তাদের নবম লিগ শিরোপা, যার সাতটিই ২০১১-১২ পর। ৩৬ ম্যাচে ২৮ জয় ও ৪ ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করা ইংলিশ ক্লাবটির সব মনোযোগ এখন জুনের দুটি ফাইনালে।