প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৬:৫৮ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৬:৫৯ পিএম
কাতার বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর আরও বড় পরিসরে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। যেখানে ৩২ দলের পরিবর্তে শিরোপার লড়াইয়ে নামবে ৪৮ দল। ফলে বাড়বে ম্যাচের সংখ্যাও। ১২টি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপ ফাইনালসহ মোট ১০৪টি ম্যাচ হবে আসরে, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
আরও পড়ুন - নেতৃত্ব নেওয়ার দৌড়ে ৫-৬ জন
প্রতি গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুই দল উঠবে শেষ বত্রিশে। এখানে তাদের সঙ্গী হবে ১২টি গ্রুপের তৃতীয় হওয়াদের মধ্যে সেরা আটটি দল। এই ধাপ থেকে শুরু হবে বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ বত্রিশের পর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। বর্তমানে ফাইনাল পর্যন্ত একটি দলকে সর্বোচ্চ সাতটি ম্যাচ খেলতে হলেও নতুন নিয়মে খেলতে হবে আটটি ম্যাচ।
এ ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দল বাড়ায় প্রতিটি মহাদেশ থেকেই বাড়বে দল। যেখানে ইউরোপ থেকে বিশ্বকাপে জায়গা পাবে মোট ১৬টি দল। আফ্রিকা থেকে বিশ্বকাপের টিকিট পাবে ৯টি দল। এশিয়া থেকে ৮টি। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে সমান ৬টি করে দেশ জায়গা করে নেবে ২০২৬ বিশ্বকাপে। ওশেনিয়া থেকে উঠবে একটি দল। বাকি দুটি দল বিশ্বকাপের টিকিট কাটবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে।