প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৩:৫৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৪:২১ পিএম
ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে দারুণভাবে সুপার লিগ শেষ করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের উদযাপনটা অবশ্য খুব একটা সুখকর হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে আঙুলের ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিটকে যান সাকিব আল হাসান।
আরও পড়ুন : মেসিকে বিশ্বকাপ এনে দেওয়া দিবু
টেস্ট অধিনায়কের লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়াটা আসে দুঃসংবাদ হিসেবে। প্রায় ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকবেন না সাকিব আল হাসান।
নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে জেগেছে প্রশ্ন। সেই উত্তর না মিললেও আফগানদের বিপক্ষে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ৫-৬ জন। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।
গুঞ্জন আছে টেস্টে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা লিটন দাস চান না দলকে নেতৃত্ব দিতে। ফলে অধিনায়ক কে হবেন সেটা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। বিসিবি পরিচালক আকরাম খান স্পষ্ট করে কিছু না বললেও অধিনায়ক হওয়ার দৌড়ে ৫-৬ জন আছেন তা স্বীকার করেন।
গতকাল রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে আকরাম খান বলেন, ‘কিছু ক্রিকেটারের মধ্যে নেতৃত্বের গুণ থাকে। এইগুলো এদের (শান্ত-মিরাজ) মধ্যে আছে। প্রায় ৫-৬ জন্য দৌড়ে আছে।’ বিষয়টি বর্তমান অধিনায়ক, কোচ ও নির্বাচকদের ওপর নির্ভর করবে জানিয়ে বলেন, ‘এটা ডিপেন্ড করছে বর্তমান অধিনায়ক যে আছে, কোচ ও নির্বাচকদের ওপর। ওরা মিলে সিদ্ধান্ত নেবে।’ লিটন অধিনায়কত্ব করবে কি না সেটাও নিশ্চিত নয় জানিয়ে বলেন, ‘এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নেবে কে অধিনায়ক হবে। এখনই এই নিয়ে কিছু বলা যাবে না।’
আফগানিস্তান সিরিজে সাকিব না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আকরাম খান- ‘আমার মনে হয়, ও থাকলে অবশ্যই শক্তিশালী হতো। ইতোমধ্যেই যে দল আছে, এটাও ভালো। যদি ভালো ক্রিকেট খেলে, তিন বিভাগ যদি ভালো করতে পারে, তাহলে জিতব।’ পাশাপাশি অভিজ্ঞদের জায়গায় তরুণরা ভালো করছে বলেও মত তার- ‘ভালো ব্যাকআপ ক্রিকেটার আসছে, তরুণ ক্রিকেটাররা আসছে।’
আফগানদের বিপক্ষে নিজেদের মাঠে খেলা বলে দল বাড়তি সুবিধা পাবে বলে আত্মবিশ্বাসী আকরাম, ‘সাধারণত যে ধরনের উইকেটে খেলি, ওই রকম উইকেটে খেললে অবশ্যই সুবিধা থাকবে।’ তবে আফগান স্পিনারদের নিয়ে আকরামের মনেও আছে ভয়। ‘রশিদ খান আছে, আপনার মুজিব (উর রহমান) আছে। ওদেরকে বোঝা কঠিন। তো আমাদেরকে বুঝেশুনে ক্রিকেট খেলতে হবে।’
জাতীয় দলের পাশাপাশি কোয়াবের নির্বাচন নিয়েও কথা বলেন আকরাম খান। শনিবার হওয়া কোয়াবের এজিএম নিয়ে বলেন, ‘কালকের অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। এইজন্য আমি ধন্যবাদ দিচ্ছি, যারা যুক্ত ছিলেন। আমরা যদি অ্যাক্টিভ থাকি তাহলে ভালো হবে।’ ক্রিকেটাররা না এলেও সব সময় যোগাযোগ থাকে বলে জানান তিনি, ‘ব্যস্ত ছিল বলে তারা আসেনি। তবে সব সময় যোগাযোগ থাকে আমাদের সঙ্গে।’