প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ১১:৩৯ এএম
আপডেট : ২২ মে ২০২৩ ১১:৪২ এএম
স্বেচ্ছায় বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার এই বাংলাদেশে আসার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো হাত নেই, জানিয়েছেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তবে তার ভাবনা, মার্টিনেজের বাংলাদেশে আসাটা দেশের ফুটবলের জন্য কল্যাণই বয়ে আনবে।
আরও পড়ুন : মার্টিনেজ ঢাকায় আসছেন, রাডারে আছেন মেসি
কলকাতার প্রতিষ্ঠান শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের উদ্যোগে তিনি আসছেন ভারতে। তবে তিনি নিজেই বাংলাদেশের মাটিতে আসার বিষয়ে জানিয়েছেন শতদ্রু দত্তকে। আগামী ৪ ও ৫ জুলাই কলকাতা সফরে আসছেন মার্টিনেজ। তার আগেই বাংলাদেশে পা পড়বে আর্জেন্টাইন এই গোলরক্ষকের।
গতকাল এক সংবাদ সম্মেলনে সে বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিল বাফুফে। জবাবে নাবিল জানান, সে বিষয়ে তিনিও জানেন না খুব একটা। তার কথা, ‘আপনাদের মতো দেখে আমিও চমকে গিয়েছি। আমিও সেটা সংবাদমাধ্যমেই দেখেছি, এ বিষয়ে জেনেছি।’
আর্জেন্টাইন এই গোলরক্ষকের বাংলাদেশে আসার বিষয়টিকে নাবিল ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। তার মনে হচ্ছে, তাকে দেখে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে ফুটবল নিয়ে। তার কথা, ‘আর্জেন্টিনার যে গোলরক্ষক, বিশ্বকাপজয়ী গোলরক্ষক, নানা কারণে আলোচিত সে বাংলাদেশে আসবে, এলে তো ফুটবলের জন্য ভালোই হয়। আমি তো খারাপ কিছু দেখি না। নতুন যারা প্রজন্ম আছে তারা আরও অনেক বেশি আকৃষ্ট হবে। দেশি ফুটবলের প্রতি আরও আগ্রহ বাড়বে। যেহেতু একটা ক্রেজ আছে আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে। মিডিয়ায় আলোচিত একজন গোলরক্ষক এলে তো আমি ভালোই দেখছি।’
এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনার চেষ্টা করেছিল। গত জানুয়ারিতে রীতিমতো সংবাদ সম্মেলনই ডেকে বসেছিল এই বিষয়ে। তবে পরে তাদের সে চেষ্টা আলোর মুখ দেখেনি। সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে কথাবার্তা প্রায় নিশ্চিতই ছিল। তবে শেষ মুহূর্তে সেখান থেকে সরে আসতে হয়েছে আমাদের। কারণ, আমাদের কাছে তো মাঠই নেই!’