প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৩ ২৩:২৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ২৩:২৮ পিএম
ইউরোপের আভিজাত্যের ফুটবল ছেড়ে শান্তির খোঁজে সৌদি আরব গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেখানেও ভালো কাটছে না সময়। উল্টো নিত্যই সমর্থকদের দুয়ো শুনতে হচ্ছে তাকে। এদিকে পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে ভালো নেই তার ক্লাব আল নাসরও।
আরও পড়ুন : বার্সায় মেসিকে দেখতে মুখিয়ে ডি জং
রোনালদোকে যুক্ত করার পর যেখানে একের পর এক শিরোপা-উৎসব করার কথা দলটির, সেখানে সব হারানোর পথে ক্লাবটি। কিংস কাপের পর প্রো লিগ শিরোপাও শেষ হয়ে যাওয়ার পথে আল নাসরের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দলে রোনালদোর ভূমিকা নিয়ে।
এ অবস্থায় রোনালদোর প্রতি কোনো দল আগ্রহ দেখালে নিশ্চয় তা ভেবে দেখবে আল নাসর। আর এই অবস্থায় রোনালদোকে নিয়ে নতুন খবর দিয়েছে জার্মান পত্রিকা ‘অ্যাবেন্ডজেইটাং মিউনিখ’। পত্রিকাটির দাবি, রোনালদোকে পেতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে বায়ার্নকে। তবে আগামী মৌসুমে আর সেটি চায় না তারা। এ অবস্থায় চ্যাম্পিয়নস লিগের রাজা খ্যাত সিআর সেভেনকে চায় তারা। এর জন্য মোটা অঙ্কের টাকা ঢালতে রাজি আছেন জার্মানির ব্যবসায়ী মারকাস শন। তিনি একজন বিলিয়নেয়ার, ব্যুরো ডট দ্য ওয়েবসাইটের মালিক তিনি।
সংবাদমাধ্যমটির দাবি, বায়ার্ন সভাপতি অলিভার কানের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়েছেন শন। আর সেখানেই রোনালদোকে বায়ার্নে নিয়ে আসার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। আর তার এমন বার্তায় গভীর অর্থ থাকতে পারে। কেননা তিনি একজন পাক্কা ব্যবসায়ী।
বর্তমানে ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন ৩৮ বছর বয়সি রোনালদো। তিনি নিজেই একটি ব্র্যান্ড আর সেটিই কাজে লাগাতে চান ওই ব্যবসায়ী।