প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৩ ২০:২৬ পিএম
যতটা আশা করছিল পিএসজি, ঠিক ততটাই যেন ব্যর্থ হয়েছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করা ফরাসি জায়ান্টরা নানা ইস্যুতে খুশি নন ব্রাজিলিয়ান তারকার ওপর। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তাকে ছেড়েও দিতে চাচ্ছে, ক্লাবও ছাড়তেও নাকি ইচ্ছুক খোদ নেইমার। তাই প্রকৃত নাম্বার নাইন খুঁজতে নেমেছে পিএসজি, বিশেষ করে আক্রমণ ভাগে জুটি খুঁজছেন এমবাপে। তো নেইমারের বদলি হতে যাচ্ছেন কে?
ফরাসি তারকার পছন্দের তালিকায় আছেন দুজন ফুটবলার—নাপোলির ভিক্টর ওসিমেন এবং টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেন। এমবাপে অবশ্য সতীর্থ হিসেবে পেতে প্রথমে রেখেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ওসিমেনকে। সেক্ষেত্রে খরচের বিষয়টি মাথায় রাখতে হবে পিএসজিকে।
আরও পড়ুন: জাভির মতে বার্সা ‘বি’ গ্রেডের দল
স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, নাপোলিকে ৩২ বছর পর শিরোপা জেতাতে সহায়তা করা ওসিমেনের বর্তমান বাজার মূল্য ১৫ কোটি ইউরো। তবে ইংলিশ স্ট্রাইকার কেনকে কিনতে খরচ পড়বে কিছুটা কম। প্রায় ১০ কোটি ইউরো খরচ করলে মিলবে কেনকে।
তবে এমবাপের প্রথম পছন্দের নাম্বার নাইন ওসিমেনকে পেতে পাখির চোখ করেছে পিএসজি। যদি নাপোলি তাদের সেরা খেলোয়াড় ছেড়ে দিতে রাজি হয় তাহলে যেকোনো মূল্যে তাকে ফরাসি ডেরায় আনতে চান এমবাপে। অন্যদিকে, পিএসজি ছাড়তে চাওয়া নেইমারকে চাচ্ছে নিউক্যাসল ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে যাওয়া ক্লাবটি নিজেদের মান বাড়াতে চান ব্রাজিলিয়ানকে টেনে।