প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ২৩:১৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ২৩:২২ পিএম
বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালের টিকিট আগেই পেয়েছে বাংলাদেশের ইয়ুথ ও জুনিয়র টিম। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। এ কারণে আজ টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ দুটি শুধুই আনুষ্ঠানিকতা ছিল প্রতিবেশী দুদেশের জন্য।
আরও পড়ুন : 'খোশমেজাজেই আছেন' ক্যান্সার আক্রান্ত হিথ স্ট্রিক
পল্টন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ গ্রুপের শেষ ম্যাচ মানে ফাইনালের মহড়ায় বাংলাদেশের ইয়ুথ ও জুনিয়র দুটি দলই হার মেনেছে ভারতের কাছে।
টুর্নামেন্টে তিন ম্যাচে দুই জয় পেয়েছে বাংলাদেশ। হার মেনেছে একটি ম্যাচ। আর তিন ম্যাচের সবই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফেভারিট ভারত। আগামী বুধবার, ১৭ মে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।
দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ ইয়ুথ দল। ওই ম্যাচে বাংলাদেশকে ৪৩-৩৩ গোলে হারিয়েছে ভারত। কিন্তু পরের ম্যাচে বাংলাদেশ জুনিয়র দল দাঁড়াতেই পারেনি ভারতীয় মেয়েদের সামনে। একপেশে লড়াইয়ে বাংলাদেশের জুনিয়র দলটি হেরেছে ৪০-১৮ গোলের ব্যবধানে।
হারলেও বাংলাদেশ ইয়ুথ দলের কোচ ডালিয়া আক্তার খুশি মেয়েদের পারফরম্যান্সে, ‘মেয়েরা খুবই ভালো খেলেছে। কারণ ভারত অনেক দিন ধরে হ্যান্ডবল খেলে। অনেক অভিজ্ঞ ওরা। সেই হিসেবে আমরা ওদের সঙ্গে দারুণ লড়াই করেছি। আর এতেই আমি খুশি।’