প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৩ ২০:২৯ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ২০:৪৩ পিএম
বার্সেলোনাকে বিদায় বলতে গিয়ে অঝোরে কেঁদেছিলেন মেসি। কান্নাজড়িত কণ্ঠে সমর্থকদের জানিয়ে এসেছিলেন, ‘এটা আমার বাড়ি, আবারও এখানে ফিরব।’ এরপর প্যারিসে সুখে-দুঃখে কাটিয়েছেন দুটি বছর। এবার এসেছে ধাক্কা। সৌদিতে বিনা অনুমতিতে সফর করায় ক্লাব মেসিকে দুয়ো শোনানোর পাশাপাশি নিষিদ্ধও করেছিল। এরপর থেকেই গুঞ্জন, ক্লাব ছাড়ছেন মেসি।
পিএসজি ছেড়ে মেসি কোথায় যাবেন, এমন প্রশ্নে তিনটি উত্তর আছে। প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে পারেন, সৌদি আরবের ক্লাব আল হিলালে রেকর্ড অর্থে আসতে পারেন এবং এই তালিকায় না থেকেও আছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। সবচেয়ে জোরাল যে গুঞ্জন সেটি হচ্ছে, মেসি বার্সেলোনায় ফিরছেন। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোম্যান।
আরও পড়ুন: ‘মেসির চেয়েও দল গুরুত্বপূর্ণ’
ইএসপিএনকে কোম্যান বলেছেন, ‘মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জর্দি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’
নিজের কথার পেছনে যুক্তিও টেনেছেন কোম্যান, ‘লাপোর্তা এখন নিজের মুখ বাঁচানোর চেষ্টা করছে মেসিকে ফেরানোর কথাবার্তা বলে। সবাই জানে এই মেসিকে লাপোর্তাই ছেড়ে দিয়েছিল।’