× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুক্তির প্রশ্নে আল হিলালের মালিক

‘মেসির চেয়েও দল গুরুত্বপূর্ণ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৭:১২ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ২১:১৬ পিএম

‘মেসির চেয়েও দল গুরুত্বপূর্ণ’

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সৌদি আরবে আসছেন লিওনেল মেসি, ফুটবল দুনিয়ায় চাউর হয়ে আছে এমন একটি খবর। গত সপ্তাহে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, দলবদলের রেকর্ড অর্থে আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন মেসি। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো দিয়েছে উল্টো খবর, মেসির সঙ্গে এখন পর্যন্ত আল হিলালের কোনো ধরনের চুক্তি হয়নি, এমনকি কথাও নাকি হয়নি। এবার খোদ ক্লাব সভাপতি ফাহাদ বিন নাফেলও মেসির দলে আসার ব্যাপারে দিয়েছেন কৌশলী উত্তর। আল হিলালের মালিক বলেছেন, একজন তারকার চেয়ে দল অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন - দেশ ছাড়িয়ে এখন বিদেশে জেসি

কিংস কাপের শিরোপা নির্ধারণের মঞ্চে আল ওয়েহদাকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে ট্রফি জিতেছে আল হিলাল। শনিবার রাতে নির্ধারিত সময়ে ১-০ গোলে পিছিয়ে থাকলেও যোগ করা সময়ে সমতায় ফেরে আল হিলাল। এরপর ৯ শটের ম্যারাথন টাইব্রেকারে রিয়াদের ক্লাবটি ৭-৬ ব্যবধানে ঘরে তোলে শিরোপা। 

ম্যাচ শেষে ক্লাব সভাপতিকে মেসিকে নিয়ে ক্লাবের সঙ্গে গুঞ্জন ইস্যুতে প্রশ্ন করা হয়। বিন নাফেল সেখানে দিয়েছেন কূটনৈতিক উত্তর, ‘মেসির ব্যাপারে জানতে চাইবেন না। আমি কোনো তথ্য দিতে পারছি না। যদি কোনো তথ্য থাকে তাহলে সেটি আমাদের মিডিয়া বিভাগ থেকে জানানো হবে।’

অন্য একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তারকার চেয়েও ক্লাবকে এগিয়ে রাখার কথা বলেছেন সভাপতি বিন নাফেল, ‘আমার কাছে একজন খেলোয়াড়ের চেয়ে দল গুরুত্বপূর্ণ। যদি কোনো তারকা আমাদের ক্লাবে আসে তাহলে জানাজানি হবে যে আমরা বড় ক্লাব। কিন্তু আমি দল উন্নত করার কথা ভাবছি। যদি আপনি একজন খেলোয়াড়ের দিকে নজর দেন তাহলে গ্রুপটাই ধসে পড়বে।’

অর্থাৎ মেসির চেয়ে দলকে নজরে বেশি রাখছে আল হিলাল। মেসির সঙ্গে ক্লাবটির চুক্তির বিষয়টিও পড়েছে তাতে ধন্দে। অবশ্য আগেই মেসির বাবা জর্জ মেসি শুনিয়েছিলেন এমন কথা। চুক্তির ব্যাপারে ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোও বলেছিলেন, মেসির চুক্তির খবরটি সঠিক নয়। তার ওপর পিএসজির সঙ্গে বর্তমান সময়ে খুব একটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন মহাতারকার। ক্লাবটির সঙ্গে নবায়ন করাও হয়নি চুক্তি। ফলে এখনও জারি আছে কানাঘুষা, জল্পনা ও গুঞ্জনÑ কোথায় যাচ্ছেন মেসি? বিভেদ ভুলে প্যারিসেই থাকছেন, নাকি শুনবেন নাড়ির টানÑ ফিরবেন বার্সায়। এর মধ্যে আলোচনায় না থেকেও আছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি, উবে যাচ্ছে না আল  হিলালের নামও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা