প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৩ ১২:২৯ পিএম
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ছিল বৃষ্টির বাগড়া। তৃতীয় ম্যাচের দিন অবশ্য ওই রকম কোনো আশঙ্কা নেই। খেলা শুরুর আগে সকাল ৯টায় বৃষ্টির আশঙ্কা থাকলেও খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে। পূর্বাভাস ঠিক থাকলে হয়তো কার্টেল ওভারে গড়াবে না ম্যাচ। আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের পূর্ণ সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
আরও পড়ুন : আফগানিস্তান সিরিজ মিসের শঙ্কায় সাকিব
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে হয়েছিল পরিত্যক্ত। দ্বিতীয় ওয়ানডেতেও ছিল বৃষ্টির প্রভাব। নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক পর শুরু হয় খেলা। ম্যাচ হয় ৪৫ ওভারে। কার্টেল ওভারের সঙ্গে চেমসফোর্ডের ছোট সীমানা। দুয়ে মিলে দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ৩১৯ রান।
বৃষ্টির পর প্রথমে বাংলাদেশি বোলারদের দাপটে আটকে যায় আয়ারল্যান্ড। পরে অবশ্য বাংলাদেশি বোলারদের ওপর প্রভাব বিস্তার করে বড় সংগ্রহ পায়। সংগ্রহের ওই ভিত গড়েন অবশ্য হ্যারি টেক্টর। আর জর্জ ডকরেল তাতে শান দেন। জবাবে বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, তাওহিদ হৃদয়ের ঝড়ো হাফসেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং- সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেয় বাংলাদেশ। সঙ্গে সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
চেমসফোর্ড সব সময়ই হয় পেসারদের জন্য স্বর্গ। সুযোগটা প্রথম দুই ম্যাচেই শুরুর দিকে নিয়েছিলেন হাসান মাহমুদ-এবাদত হোসেনরা। দ্বিতীয় ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় রানের পাহাড়ে চাপা পড়েছিল। এ ছাড়া মাঠের সীমানা ছোট হওয়ার সুযোগটা বেশ ভালো করেই নিয়েছিল আয়ারল্যান্ড। দুই ম্যাচেই ওই সুযোগটা ঠিকঠাক করতে পারেননি তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। তৃতীয় ওয়ানডেতে ওই সুযোগটা কাজে লাগাতে পারেন এমনটাই চাওয়া।
আয়ারল্যান্ডের জন্য বাংলাদেশ সিরিজ ছিল মহাগুরুত্বপূর্ণ। বাংলাদেশকে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলত আইরিশদের। বৃষ্টিতে প্রথম ওয়ানডে ভেসে গেলে ওই সুযোগ হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। ফলে সিরিজের বাকি অংশ তাদের জন্য হয়ে ওঠে গুরুত্বহীন। তবুও অবশ্য প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা থেকে সরে আসেনি। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জই দিয়েছে দ্বিতীয় ওয়ানডেতে। শেষ ওয়ানডেতেও থাকবে আইরিশদের কঠিন চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা।
অন্যদিকে বাংলাদেশের জন্য তৃতীয় ওয়ানডেতে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের বোলিং। শরিফুল ইসলামের ব্যর্থতা কড়া বার্তা দিয়ে রাখছে বাংলাদেশকে। অন্যদিকে সিরিজের পাশাপাশি এটাই সুপার লিগের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য। সুপার লিগে এখন বাংলাদেশের অবস্থান তৃতীয়। আজ জিতলে ২-০তে সিরিজ পকেটে পুরবে বাংলাদেশ। সেইসঙ্গে সুপার লিগে পয়েন্ট দাঁড়াবে ইংল্যান্ডের সমান ১৫৫। কিন্তু রানরেটে অনেক এগিয়ে থাকায় ইংল্যান্ড সেই হিসাবেও দ্বিতীয় অবস্থানেই থাকবে। বাংলাদেশ তৃতীয়।