প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৩ ০৯:৪৮ এএম
আপডেট : ১৩ মে ২০২৩ ০৯:৫২ এএম
আগে থেকেই চলছিল কথা, কিন্তু বেঁকে বসেছিলেন খোদ মার্সেলো বিয়েলসা। অবশেষে রাজি হয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ, দীর্ঘদিন পর ফিরছেন কোচিংয়ে। উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি। ডিয়েগো আলোনসোর পর ভালভার্দে-নুনেজদের ডাগআউটের বস হতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।
আরও পড়ুন : দুই অধিনায়কের ভাবনায় শুধুই জয়
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বিয়েলসা। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) এক নির্বাহী খবরটি নিশ্চিত করেছেন। তার মতে, শুধু সই করাটাই বাকি আছে বিয়েলসার।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে উরুগুয়ের বিদায়ের পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন আলোনসো। এবার তার বিকল্প হিসেবে আসছেন বিয়েলসা। এরই মধ্যে দুই পক্ষের মৌখিক চুক্তি সেরে ফেলা হয়েছে। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বিয়েলসা উরুগুয়েকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত গাইড করবেন।
আর্জেন্টিনা, চিলিসহ কোচিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন কোচের প্রথম পরীক্ষা হতে পারে আগামী জুন মাসে। নিকারাগুয়া ও কিউবার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে।