প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৫:৫৫ পিএম
অধিনায়ক বাবর আজমের কল্যাণে ‘চাচা’ নামটা পেয়েছেন ইফতিখার আহমেদ। কিন্তু ‘চাচা-ই-ক্রিকেট’ অর্থাৎ ক্রিকেটের চাচা নাম পেয়ে সীমিত ওভারের তারকা ইফতিখারও বিরক্ত হতেন। কিন্তু সময় গড়াতে ওসব বেমালুম ভুলে গেছেন ইফতিখার। এখন বরং নামটিকে তার মনেই ধরেছে। চাচা ডাকলে বিরক্ত হওয়ার বদলে অনুপ্রানিত হন ৩২ বর্ষী অলরাউন্ডার।
সম্প্রতি ইফতিখার ভক্তদেরও এই নামে ডাকতে অনুরোধ করেছেন, ‘সত্যি বলতে শুরুর দিকে চাচা ডাকে কিছুটা বিব্রত বোধ করতাম। কিন্তু এখন এটি উপভোগ করি। আমার মনে আছে শহীদ আফ্রিদি যখন ব্যাট করতে নামত তখন ভক্তরা তার নাম ধরে ডাকত। এখন তারা একইভাবে আমার জন্য উল্লাস করে। এটা আমাকে আনন্দ দেয়। এটা খারাপ কিছু না, কারণ এভাবেই ভক্তরা আমাকে সমর্থন দেয়। আমি এতে আর বিরক্ত হই না। আসলে এগুলো উপভোগ করি, তাই ভক্তদের অনুরোধ করছি উপভোগ করতে থাকুন।’
আরও পড়ুন: এক-দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করবেন তাসকিন
কিন্তু যিনি নামটির পেছনের কারিগর অর্থাৎ যার কাছ থেকেই এই নাম পেয়েছেন ইফতিখার, সেই বাবর আজম বিষয়টি নিয়ে বিব্রত। বাবর বলেছেন, ‘অনেক সময় বিব্রত বোধ করি আমার কারণে ইফতিখারকে সবাই চাচা বলে ডাকে। কিন্তু আমি আনন্দিত যে ভক্তরা এটা উপভোগ করে।’
নামের শুরুটা জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজে। তখন ব্রেন্ডন টেলরের বিপক্ষে বোলিং করছিলেন ইফতিখার। তখন ইফতিখার বাবরকে বলেছিলেন, মিড উইকেট সামনে এনে স্কয়ার লেগ বাইরে পাঠাও। কারণ টেলর খেলবে মিড উইকেটে কিন্তু স্পিনের কারণে বল যাবে স্কয়ার লেগে। পরের বলটিতে ঠিক একই ঘটল। তখন বাবর বলতে শুরু করল ‘ওয়েল ডান! চাচা-এ-ক্রিকেট।’ তখন থেকেই ইফতিখার হয়ে গেলেন চাচা।