প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৫:১২ পিএম
ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয় পেসার তাসকিন আহমেদের। সাইড স্ট্রেইনের ওই ইনজুরির কারণে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডেও যাওয়া হয়নি তার। দল যখন ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই সময় নিজেকে সুস্থ করে তুলতে কাজ করছেন পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার নিজের রিহ্যাব প্রোগ্রাম শুরুর আগে মিরপুরে কথা বলেছেন তাসকিন আহমেদ। সেখানেই জানান আগামী এক-দেড় সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন তিনি।
সাইড স্ট্রেইনের চোট তাসকিনের জন্য নতুন কিছু নয়। চলতি বছর দ্বিতীয়বারের মতো এই চোটে পড়েছেন ডানহাতি এই পেসার। ফলে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে দলে জায়গা হয়নি তার। আইরিশদের বিপক্ষে না খেললেও আফগানিস্তানের বিপক্ষে দলে থাকার বিষয়ে আশাবাদী তাসকিন। এছাড়াও সবকিছু ঠিকঠাক চললে আগামী এক-দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করার বিষয়েও আশাবাদী এই পেসার।
মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘জ্বি আল্লাহ রহমতে খুব সুন্দর ভাবে রিহ্যাব চলছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করছি, এক দেড় সপ্তাহের মধ্যে লো ইন্টেনসিটিতে বোলিং শুরু করব।‘আশাবাদী হলেও ইনজুরির অবস্থার উপর বিষয়টি নির্ভর করছে বলেও জানান, ‘সম্পূর্ণ বিষয়টা আসলে উন্নতির উপর নির্ভর করবে। আশা করছি, এক দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব।’
ইনজুরির থাবা থেকে মুক্ত হতে বিসিবির প্রধান ফিজিও জুলিয়ান ক্যালিফাতোর সঙ্গে কাজ করছেন এই পেসার। শুধু তাই নয়, নিজের উদ্যোগেও নিয়মিত জিম করছেন। তাসকিন বলেন, ‘জুলিয়ানের (ক্যালিফাতো) প্রোগ্রাম অনুযায়ী কাজ করছি। বোর্ডের তত্ত্বাবধনে।‘ নিজের উদ্যোগের জিমের ব্যাপারে তাসকিন বলেন, ‘এটা আসলে অতিরিক্ত কিছু না। এটাই আসলে একজন অ্যাথলেটের স্বাভাবিক জীবন।’