প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১১:৫১ এএম
লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে প্রথম ফুটবলার হিসেবে ২০২০ সালে বর্ষসেরা ক্রীড়াবিদ হন লিওনেল মেসি। তিন বছর পর দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো মেসি জিতলেন খেলাধুলার অস্কার খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। কাতারে বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের পুরষ্কার জিতেছে আর্জেন্টিনা।
সোমবার ফ্রান্সের প্যারিসে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দলের হয়েও পুরষ্কার গ্রহণ করেন মেসি।
আরও পড়ুন: ফাইনালের সময় রদ্রিগোর বাড়িতে ডাকাতি
ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেছেন, ‘এটা বিশেষ সম্মান, বিশেষত লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান হচ্ছে প্যারিসে, ২০২১ সালে আসার পর যে শহর আমার পরিবারকে স্বাগত জানিয়েছে। আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই—শুধু জাতীয় দল নয়, পিএসজিরও। আমি একা এই পুরস্কার জিততে পারতাম না। তাদের সঙ্গে এটা ভাগাভাগি করতে পারলে কৃতজ্ঞ থাকব।’
গত ৩ মে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি সফরে যান মেসি। পিএসজি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে। পরে পরে মেসি ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান। পিএসজি এর দুই দিন পর তার নিষেধাজ্ঞা তুলে নিলে সোমবার অনুশীলনে ফেরেন মেসি।
পুরস্কারের নারী বিভাগের বর্ষসেরা হয়েছেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসে ১০০ মিটারে স্বর্ণপদক জয়ী জ্যামাইকান স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। মাঠেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আবারও ফুটবলে ফেরায় ম্যানইউ ও ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন পেয়েছেন বিশেষ কামব্যাক অ্যাওয়ার্ড।