প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৩ ০০:১০ এএম
আপডেট : ০৯ মে ২০২৩ ০০:১৩ এএম
স্রেফ ৪৮ ঘণ্টা! ৫০ ওভারের ক্রিকেটে প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা পাকিস্তান থাকতে পেরেছে মোটে দেড় দিন। নিউজিল্যান্ডকে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে হারিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শুনিয়েছিলেন, লম্বা সময় শীর্ষস্থান ধরে রাখার কথা।
আরও পড়ুন : দ্বিতীয় ওয়ানডেতেও হার যুবাদের
কিন্তু রাজত্ব রক্ষার চ্যালেঞ্জে হোঁচট খেয়েছে পাকিস্তান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। শীর্ষস্থান হারালেও বাবর সিরিজটি দেখছেন ইতিবাচক হিসেবে।
করাচিতে সমীকরণ দাঁড়িয়েছিল হার এড়াতে হবে পাকিস্তানকে। কিন্তু পঞ্চম এক দিনের ম্যাচটি ৪৭ রানে জিতেছে সফরকারী কিউইরা, এড়িয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। তবে ৪-১ ব্যবধানের সিরিজ জয় থেকে ইতিবাচক অনেক কিছু পাওয়ার কথাও বলেছেন পাকিস্তানের অধিনায়ক। তার মতে, এটা ইতিবাচক প্রাপ্তি।
ম্যাচ শেষে বাবর বলেছেন, ‘যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে শেষ করতে পারিনি। আজকে রান তাড়ায় শুরুতে বেশ কিছু উইকেট হারিয়ে ফেলি। এরপর যখন জুটি গড়া প্রয়োজন ছিল, তখন জুটি গড়তে পারিনি। নিউজিল্যান্ড খুব ভালো বোলিং করেছে। তবে সিরিজটি আমাদের জন্য ছিল অসাধারণ। অনেক ইতিবাচক প্রাপ্তি আছে এই সিরিজে।’
করাচিতে টস জিতে রবিবার শুরুতে উইল ইয়াং ও টম লাথামের ফিফটিতে ২৯৯ রানের স্কোর গড়ে নিউজিল্যান্ড। ইয়াংয়ের ৮৭ রানের ইনিংসের সঙ্গে ৫৯ রান নিয়ে ফেরেন লাথাম। ৭ রানের জন্য ফিফটি মিস করেন মার্ক চাপম্যান।
জবাবে অপরাজিত থাকলেও ৬ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ইফতিখার আহমেদ (৯৪*)। এদিন টপ অর্ডার ব্যর্থ হলেও দলের হাল ধরেন মিডল অর্ডারের ব্যাটাররা। তবে জয় তুলতে পারেনি বাবর আজমের দল, থেমেছে কিউইদের থেকে ৪৭ রান পেছনে।