প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ২০:২১ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ২০:২২ পিএম
আসছে সেপ্টেম্বরে চীনে বসছে এশিয়ান গেমস। সেই আসরে ফুটবলে কেবল নারী দলকে পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সাম্প্রতিক পারফরম্যান্সের কথা মাথায় রেখে পুরুষ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিওএ। তবে বাফুফে জানাচ্ছে, সেটা ‘আনুষ্ঠানিক’ সিদ্ধান্ত নয়। পুরুষদেরও চীনে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে এখন।
আরও পড়ুন - বিনামূল্যে আইসিসি দেখাবে বাংলাদেশের খেলা
গত শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা শেষে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান ২০২২ এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ কোষাধ্যক্ষ এ কে সরকার। তবে বাফুফে জানাচ্ছে, সে সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত বাফুফেকে ‘আনুষ্ঠানিক’ কিছু জানায়নি বিওএ।
মূলত সে কারণেই পুরুষ দলকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল জাতীয় দল কমিটির সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘গতকাল (শনিবার) বিওএর সভায় অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এখনও কোনো সিদ্ধান্ত আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। গতকাল সন্ধ্যায় বিওএ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে ফুটবল লেখা রয়েছে। তাই আমরা আশা করছি সেখানে পুরুষ ফুটবলও থাকবে।’
দলের পারফরম্যান্স তো আছেই, সঙ্গে বিশাল খরচটাও ভাবনায় ছিল। দলকে পাঠাতে খরচ হবে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকার মতো। সে কারণেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটা যখন নেওয়া হয় সভায়, তখন সেখানে হাজির ছিলেন বাফুফের দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ।
তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কিছু না বললেও সন্ধ্যায় বিওএ সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, জানান নাবিল। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমি বিওএ সভাপতির সঙ্গে আলাপ করছি। আমরা জানিয়েছি, আমাদের পুরুষ ফুটবল দলকেও পাঠানোর প্রয়োজনীয়তা আছে। আলোচনা চলছে। আশা করি, আমরা ইতিবাচক সাড়া পাব।’
সেখানে কী নিয়ে আলাপ হয়েছে, তাও জানিয়েছেন তিনি। নাবিলের ভাষ্য, ‘পরে সন্ধ্যায় বিওএ সভাপতির সঙ্গে কথা বলেছি। শেষে গেমস ছাড়াও আরও কিছুর কথা হয়েছে। গেলবার কাতারের বিপক্ষে জয়সহ আরও অনেক বিষয় তুলে ধরেছি। বিষয়টা বিবেচনাধীন আছে এখন। আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে।’
সব বিষয়ে বাফুফের ভাষ্য শুনে সভাপতি আশ্বাস দিয়েছেন পুরুষ দলকেও চীনে পাঠানোর। সে আশ্বাসে ভরসা করেই কি না বাফুফে পুরুষদেরও এশিয়ান গেমসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এমনকি কোচ হাভিয়ের কাবরেরাকেও নির্দেশনা দেওয়া হয়েছে দল গোছানোর।