প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৩ ০১:২৬ এএম
আপডেট : ০৯ মে ২০২৩ ০৯:০৫ এএম
ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি- চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের তিন বিগ থ্রির অবস্থাও তিন রকমের। আর্সেনালের সঙ্গে শিরোপা ধরে রাখার ইঁদুরদৌড়ে অনেকখানি এগিয়ে গেছে সিটিজেনরা, ধুঁকতে থাকা অল রেডরা ফিরেছে জয়ের ধারায় এবং নিজেদের হারিয়ে খোঁজা চেলসি ৬ ম্যাচ পর পেয়েছে জয়ের স্বাদ। লিগে শনিবার বিগ থ্রির সবাই নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে-
আরও পড়ুন : জমে উঠেছে শিরোপা লড়াই
অল রেডদের রেকর্ডের রাত
খুব কঠিন প্রতিপক্ষ ছিল না ব্রেন্টফোর্ড, কিন্তু ম্যাচে আধিপত্য দেখাতে পারেনি লিভারপুল। ৯০ মিনিট শেষে অবশ্য ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে অ্যানফিল্ডের দলটি। খুব বড় জয় না এলেও ইয়ুর্গেন ক্লপের মুখে হাসি ফুটিয়েছেন মোহামেদ সালাহ ও আলিসন বেকার। শনিবার অ্যানফিল্ডে ১-০ গোলের জয়ের ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন সালাহ। অন্যদিকে লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেলে অনন্য কীর্তি গড়েছেন গোলকিপার আলিসন বেকার।
এ নিয়ে টানা ছয় ম্যাচ জয়ের ধারা ধরে রাখল অল রেডরা। সঙ্গে বেঁচে থাকল চ্যাম্পিয়নস লিগে খেলার আশাও। দলের এমন ঘুরে দাঁড়ানোয় খুশি কোচ ক্লপও, ‘এটি দুর্দান্ত। আমি আগেও কয়েকবার বলেছি, এটি আমার দেখা সেরা প্রতিরক্ষামূলক সেটপিস সেশন ছিল। ব্রেন্টফোর্ডের অনেক গুণ রয়েছে, তবে তাদের সেটপিসগুলো সুপার স্পেশাল। আমি খেলার পর সরাসরি ছেলেদের বলেছিলাম, আজ আমরা তাদের বিপক্ষে যে ফোকাস ও একাগ্রতা দেখিয়েছি তা দারুণ।’
প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহ দাঁড়াল লিভারপুলের। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান একমাত্র ১ পয়েন্টের।
পেনাল্টি ইস্যুতে ক্ষুব্ধ গার্দিওলা
লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি পেল পূর্ণ পয়েন্ট। দল জিতেছে ২-১ ব্যবধানে। টেবিলের দুই নম্বরে থাকা আর্সেনালের সঙ্গেও বাড়িয়ে নিয়েছে ৪ পয়েন্টের ব্যবধান। তবুও খুশি নন পেপ গার্দিওলা। মূলত ইলকে গুনদোগানকে পেনাল্টি দেওয়া নিয়েই ক্ষুব্ধ সিটিজেনদের বস।
ইতিহাদে এদিন ম্যাচের ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন গুনদোগান। ৮৫ মিনিটে লিডসের রদ্রিগো একটি গোল শোধ দেন। এর আগের মিনিটে ঘটে ঘটনাটি। ৮৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। এ সময় লিডসের পাসকাল ম্যানসিটির ফিল ফোডেনকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। আর্লিং হালান্ডের পেনাল্টি নেওয়ার কথা থাকলেও পরে নরওয়েজিয়ান তারকা বল তুলে দেন গুনদোগানকে। কিন্তু হ্যাটট্রিকের সুযোগ হেলায় হারান জার্মান ফরোয়ার্ড। সেটি নিয়েই ক্ষুব্ধ গার্দিওলা, দলকে সতর্ক করে শুনিয়েছেন, যার নেওয়ার কথা তিনিই নেবেন পেনাল্টি।
স্প্যানিশ কোচ বলেছেন, যার পেনাল্টি নেওয়ার কথা, তাকেই নিতে হবে। গুনদোগান যে পেনাল্টি নেওয়ার দায়িত্ব নিয়েছে, আমি তার প্রশংসা করছি। কিন্তু যার পেনাল্টি নেওয়ার কথা, তাকেই নিতে হবে। তাই আর্লিংয়ের এটা নেওয়া উচিত। সে এতে বিশেষায়িত। যদি গুনদোগান পেনাল্টি থেকে গোল করত, সবাই সেটা ভালোভাবে নিত। হ্যাটট্রিকও হয়ে যেত। কিন্তু পেনাল্টি যে নেয়, তাকেই নিতে হবে।’
অবশেষে চেলসির জয়
শিকে তাহলে ছিঁড়ল চেলসির। চলতি মৌসুমে যেন জিততেই ভুলে গেছিল ব্লুজ ক্লাব। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। শনিবার বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে আসা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও পেয়েছেন লিগে জয়ের দেখা।
প্রতিপক্ষের মাঠে বল দখল, গোলে শট থেকে আক্রমণÑ প্রতি বিভাগে দাপট দেখিয়েছে চেলসি। ৬৬ শতাংশ বল দখলে রেখে ১০ শটের পাঁচটি রেখেছিল লক্ষ্যে। প্রতিপক্ষের আটটি শটের চারটি ছিল লক্ষ্যে।
ম্যাচে শুরুতেই চেলসিকে এগিয়ে দেন কনর গ্যালাঘার। ১০ মিনিট পর সমতা টানে স্বাগতিক বোর্নমাউথ। ৮২তম মিনিটে বেনোয়া বাদিয়াশিলা সফরকারীদের আবার এগিয়ে নেওয়ার তিন মিনিট পর তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ের স্বাদ পেল চেলসি। প্রিমিয়ার লিগ হিসাবে ৬টি। টেবিলে তারা ৪২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে। বাকি আছে আরও ৪টি ম্যাচ।