× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফিফের ফেরার পথ এখনও খোলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ০৯:৪৪ এএম

আপডেট : ০৭ মে ২০২৩ ০৯:৫০ এএম

আফিফের ফেরার পথ এখনও খোলা

জাতীয় দলে কিছু দিন ধরেই রান ছিল না আফিফ হোসেনের ব্যাটে। ঘরের মাঠে সবশেষ আয়ারল্যান্ড সিরিজে তাই ম্যাচই পাননি তিনি। নেই চলমান ইংল্যান্ড সফরেও। তাই বলে তার জাতীয় দলে ফেরার পথটা একেবারেই রুদ্ধ, এমনটা মানতে নারাজ খালেদ মাহমুদ সুজন। তার অভিমত, জাতীয় দলের ভাবনায় সে আছে ভালোভাবেই।

আরও পড়ুন : বাজে পারফরম্যান্সে পথ বন্ধ জামালদের

জাতীয় দল যখন ইংল্যান্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি, ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দল তখন খেলবে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। সে দলকে নেতৃত্ব দেবেন আফিফ। জাতীয় দলে ফেরানোর ভাবনাটা যে ভালোভাবেই আছে, এ সিদ্ধান্তে যেন আফিফকে সে বার্তাটাই দিয়েছেন নির্বাচকরা। 

সুজন জানান, ভুলত্রুটি শুধরে নিলে আফিফের জায়গা এখনও আছে দলে। তার অভিমত, আফিফের মতো সামর্থ্যবান খেলোয়াড় সহজে মেলে না। 

সুজনের ভাষ্য, ‘অবশ্যই আমি সব সময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোটখাটো যে ভুলত্রুটি আছে সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনও সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। ওর মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব নয়, যে কি না একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

জাতীয় দলকে ম্যাচ জিতিয়েছেন, চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও পারফর্ম করছেন তিনি। সুজন বলেন, ‘আমি যদি কিছু দিন আগের কথা বলি, আফিফ-মিরাজের দারুণ এক জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা কঠিন ম্যাচ জিতেছি। এই লিগেও সে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হয়তো বা যে ইস্যুগুলোর কথা বললাম সেগুলো নিয়ে সে কাজ করছে ও ভালো করছে। আমি মনে করি শেষ ম্যাচে আফিফের বিরাট অবদান ছিল, আফিফ সব সময় ভালো খেলোয়াড়।’

সুজন জানালেন, সে কারণেই তাকে রাখা হয়েছে ভাবনায়। তিনি বলেন, ‘আমার মনে হয় সে চিন্তাভাবনায় নেই তা হতেই পারে না, অবশ্যই সে আছে। দেখা যাক সামনে কী হয়। আফিফ আমাদের জন্য, বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

জাতীয় দল থেকে বাদ পড়ে ক্ষুধাটাও বেড়েছে তার, দাবি সুজনের। আফিফকে নিয়ে তার মূল্যায়ন, ‘হয়তো বা (ক্ষুধা কমে যাওয়া), কারণ যখন আপনি দলে থাকবেন তখন বুঝবেন না। আমি বিশ্বাস করি আফিফ দলে ফেরার জন্য মুখিয়ে আছে। আফিফ অবশ্যই দলে ফিরবে। আর ও চিন্তা করার একটা গ্যাপ, সময়ও পেয়েছে। আমি মনে করি প্রিমিয়ার লিগ কোনো অংশেই হালকা ক্রিকেট নয়, এটা অনেক কঠিন ক্রিকেট।’

ব্যাটিং পজিশনও বড় অবদান রেখেছে এখানে। জাতীয় দলে যেখানে ৬-৭ নম্বরে দেখা যায় আফিফকে, আবাহনীতে সেখানে সে খেলছে ৪-৫ নম্বরে। সেটাকেও বড় একটা কারণ হিসেবে দেখলেন সুজন। তার কথা, ‘এখানে সে ব্যাটিং পজিশন নিয়েও খুব খুশি। জাতীয় দলের ৬-৭-এ কঠিন পজিশনে ব্যাটিং করতে হয়। এখানে আবাহনীতে ৪-৫-এ ব্যাটিং করছে। আমি মনে করি সে তার কাজটা খুব ভালোভাবে করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা