প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৩ ২২:৪৩ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ২২:৪৭ পিএম
ফুটবল নিয়ে কারুকার্যে মুগ্ধতা ছড়িয়ে বিশ্বব্যাপী বিশাল সমর্থকগোষ্ঠী তৈরি করেছেন মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পর যেই সংখ্যাটা বেড়েছে বহুগুণ। সমর্থক বেড়েছে মেসির বর্তমান ক্লাব পিএসজিরও।
আরও পড়ুন : ‘হাজারের বেশি লেগস্পিনার আছেন আফগানিস্তানে’
এখন মেসি ক্লাব ছাড়লে তার বিশাল সমর্থকগোষ্ঠীও নিশ্চয় তার সঙ্গে পা মেলাবেন। গায়ে তুলবেন নতুন জার্সি। ফলে হু হু করে কমবে পিএসজির সমর্থকগোষ্ঠী, যা প্রভাব ফেলবে টিভিস্বত্ব ও জার্সি বিক্রিতে। সেই সঙ্গে কমে আসবে পৃষ্ঠপোষকও। যার উল্টোটা হয়েছিল এক দিন।
মেসি ক্লাব ছাড়লে যে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে পিএসজি তা ফ্রান্সের প্রখ্যাত স্পোর্টস মার্কেটিং নির্বাহী ভিরগিলে চাইলেটের কথাতেই স্পষ্ট, ‘২০২৪ সালে আন্তর্জাতিক স্বত্বের মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে দরকষাকষিতে এর প্রভাব পড়তে পারে।’ চাইলেটের সঙ্গে একমত পোষণ করে আরেক বিশেষজ্ঞ ভিনসেন্ট চাউদেল বলেছেন, ‘এশিয়া কিংবা লাতিন আমেরিকায় দরকষাকষির সময় বিষয়টা আর একই রকম থাকবে না।’
কেননা, ২০২১ সালে মেসি পিএসজিতে আসার পর নতুন আটটি পৃষ্ঠপোষক ক্লাবটিকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল। সেই সঙ্গে রকেটগতিতে বেড়ে গিয়েছিল ক্লাবটির জার্সি বিক্রি। ২০২২ সালে ক্লাবটির জার্সি বিক্রির পরিমাণ রেকর্ড ১০ লাখ ছাড়িয়ে যায়, যা মেসি যাওয়ার পরপরই নেমে আসতে পারে বলে মনে করেন চাইলেট, ‘সম্ভবত ১০ শতাংশের মতো জার্সি বিক্রি হ্রাস পেতে পারে।’ এ ছাড়া মেসি চলে গেলে প্রভাব পড়তে পারে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির ফ্যান ৫০ শতাংশ বেড়ে যায় ২০২২ সালে। পিএসজির মোট অনুসারীসংখ্যা ১৫ কোটিতে গিয়ে ঠেকে। তবে তিনি চলে গেলে তা কমে আসবে; সেই সঙ্গে ম্যাচের টিকিট নিয়েও আগ্রহ হারাবেন সমর্থকরা। এখন দেখার অপেক্ষা মেসির দলবদল ইস্যুতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় প্যারিসের ক্লাবটি।